
ভারতীয় বাংলা সিনেমার পরিচিত অভিনেতা সোহম চক্রবর্তীকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এবার তার বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়া এবং মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোহমের বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ করেছেন রাজ কাপুর শর্মা নামে এক ব্যক্তি।
জানা গেছে, সোহমের বাড়িতে আলমারি তৈরির কাজ নিয়েছিলেন রাজ কাপুর। গত ১২ মে কাজটি শুরু হয়। চুক্তি অনুযায়ী, কাজের বিনিময়ে তাকে ৫৫ হাজার রুপি দেওয়ার কথা ছিল। শুরুতে অগ্রিম হিসেবে ৩০ হাজার রুপি দেওয়া হলেও পরবর্তী কাজ শেষ হওয়ার পর বাকি পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হয়।
অভিযোগকারীর দাবি, প্রথম কাজ শেষ করার পর তাকে আরও দুটি আলমারি তৈরির দায়িত্ব দেওয়া হয়। দ্বিতীয় কাজের অর্ধেক শেষ হওয়ার পর পারিশ্রমিক চাইতে গেলে সোহম টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাকে গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন রাজ কাপুর।
এ ঘটনায় শুধু সোহম চক্রবর্তী নন, তার দেহরক্ষী তোতন সর্দারের বিরুদ্ধেও থানায় অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনো অভিনেতার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগেও চলতি বছরের জুলাইয়ে সোহমের বিরুদ্ধে আরেকটি অভিযোগ উঠেছিল। এক ব্যবসায়ী দাবি করেছিলেন, অভিনেতা তার কাছ থেকে ৬৮ লাখ রুপি নিয়েও তা ফেরত দেননি। পাওনা টাকা ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে নতুন অভিযোগ সামনে আসায় সোহমকে ঘিরে ফের শুরু হয়েছে আলোচনা।
আরটিভি/এমএইচজে


