
জাতীয় ক্যানসার দিবসে ছেলের কাজ দেখে গর্বিত মাধুরী দীক্ষিত। ক্যান্সারে আক্রান্ত মানুষদের দান করার জন্য নিজের চুল কেটে ফেললেন মাধুরীর ছোট ছেলে রায়ান। রবিবার রায়ানের চুল কাটার একটি ভিডিও পোস্ট করেন মাধুরী। সঙ্গে তার উদ্দেশ্যে দু’কথা লিখলেন অভিনেত্রী।
মাধুরীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সেলুনে বসে চুল কাটছেন রায়ান। লম্বা কালো চুল মুহূর্তের মধ্যে আলগা হয়ে যাচ্ছে রায়ানের মাথা থেকে।পাশে‘ধক ধক গার্ল’-এর লেখা থেকে জানা যাচ্ছে,দু’বছর ধরে চুল কাটেননি রায়ান। চুল বড় করতে চেয়েছিলেন তারকা-সন্তান। কিন্তু তার আশপাশের একাধিক মানুষকে তিনি দেখেছেন, যারা কেমোথেরাপির প্রভাবে যন্ত্রণা পাচ্ছেন। মাধুরীর কথায়,‘কঠিন সেই যাত্রার পর নিজেদের চুল হারিয়েছেন তারা। এসব দেখে আমার ছেলের মন কেঁদে উঠেছে বার বার। তাই এত বছর পর সেসব মানুষকে দান করার জন্য চুল কেটে ফেলল রায়ান। অভিভাবক হিসাবে আমরাগর্বিত।’
রায়ানের এই ভিডিওর মন্তব্য বাক্সে একাধিক বলিউড তারকা কাজের প্রশংসা করেছেন। সেই তালিকার মধ্যে রয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি, দিয়া মির্জা, পরিচালক ফারহা খান প্রমুখ।
সূত্র: আনন্দবাজার
এমএন/এসকে




