ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

না ফেরার দেশে শ্রীদেবী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৪২ এএম

মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান বলিউড অভিনেত্রী শ্রীদেবী। গতকাল শনিবার রাত ১১টায় দুবাইতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বলিউডের এই তারকা। সেখানেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট এ মৃত্যু হয়েছে তাঁর।

১৯৬৭ সালে তামিল সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে রুপালি পর্দায় পা রাখেন শ্রীদেবী। তারপর অসংখ্য বলিউডের ছবিতে তিনি তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। মাওয়ালি, তোহফাসহ বিপুল সংখ্যক চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিপুল প্রশংসা পেয়েছেন শ্রীদেবী।

বলিউডে তার অভিষেক ঘটে সলভা সাওবান(১৯৭৮) সিনেমার মধ্য দিয়ে। তবে হিম্মতওয়ালা (১৯৮৩) সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন তিনি। একে একে মাওয়ালি, তোহফা, নয়া কদম, মকসদ, মাস্টারজি, মিস্টার ইন্ডিয়া, চাঁদনীসহ অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেন।

শ্রীদেবী পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মম’ (২০১৭)। আর মুক্তির অপেক্ষায় রয়েছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমা ‘জিরো’ যেটি মুক্তি পাবে ২১ ডিসেম্বর ২০১৮। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহরুখ খান, আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

৫০ বছর ধরে তিনি তিনশ’র বেশি ছবিতে অভিনয় করেছেন। ২০১৩ সালে ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন তিনি।

হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার হিসেবে বিবেচিত শ্রীদেবী ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।

শ্রীদেবীর মৃত্যুতে বলিউডে হাহাকার রব উঠেছে। প্রিয়াংকা চোপড়া, সিদ্ধার্থ মালহোত্রা, রীতেশ দেশমুখ, জেরিন খান, প্রীতি জিনতা, জাভেদ জাফরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, সুস্মিতা সেনসহ আরও অনেকেই টুইটারে শোকপ্রকাশ করেছেন৷

আরও পড়ুন:

কেএইচ/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীপিকার ভালো বন্ধু কে?
মেয়েটি দীপিকা পাড়ুকোনের মতই প্রতিভাবান। ভারতের প্রথম দশ জন নারী গল্ফারের মধ্যে তার নাম আছে। বলা যায় দীপিকার ভালো ভক্ত এবং একই সঙ্গে বন্ধু। নাম আনিশা পাড়ুকোন। দীপিকা পাডুকোনের ছোট বোন। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার সঙ্গে ছবি দেখে ভক্তদের মাঝে কৌতূহল জাগে, আলোচনা হয়। মাঝে মাঝে সংবাদের শিরোনামও হন তিনি। তবে সব সময় দীপিকার বোন হিসেবে নয়। নিজের গুণের জন্যই তিনি শিরোনামে আসেন। এই তরুণী একজন পেশাদার গল্ফার। তিনি রাজ্য স্তরে বাস্কেটবল ও জাতীয় স্তরে ক্রিকেটও খেলেন। মাত্র দশ বছর বয়স থেকে খেলাধূলাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন আনিশা। এছাড়া একটি সংস্থার অধীনে দিদি দীপিকার সঙ্গে মানসিক অবসাদগ্রস্ততায় ভোগা রোগীদের নিয়ে কাজ করেন তিনি। তিনি মনে করেন, সবটাই সম্ভব হয়েছে বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বলা পাড়ুকোন ও দিদি দীপিকা পাডুকোনের জন্য।   জিএ/পি
দীপিকার ভালো বন্ধু কে?
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
কানাডার হাসপাতালে কাদের খান সুস্থ আছেন৷ অভিনেতার ছেলে সরফরাজ খান বাবার মৃত্যুর গুজব থামিয়েছেন৷ সংবাদ সংস্থা পিটিআই-কে রোববার রাতে সরফরাজ খান বলেন, ‘সব মিথ্যা৷ গুজব৷ আমার বাবা হাসপাতালে আছেন। এখন সাড়া দিচ্ছেন এবং আগের চেয়ে অনেক ভালো আছেন৷ তাকে স্পেশাল ভেন্টিলেশন থেকে রেগুলার ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে৷ রোববার বর্ষীয়ান অভিনেতা কাদের খানের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেহেতু তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন সুতরাং ভক্তরা ভুয়া তথ্যকে সহজে বিশ্বাস করেছিলেন। অনেকেই শোক প্রকাশ করে পোস্ট করেন। তবে গণমাধ্যমকে দেওয়া বার্তায় সরফরাজ খান সব ধোঁয়াশা পরিষ্কার করেন।  কাদের খানের অসুস্থতার পর থেকে তাকে নিয়ে শুভাকাঙ্ক্ষীরা চিন্তিত ছিলেন। গত শুক্রবার টুইট করে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন লেখেন, ‘কাদের খান...এক অনবদ্য প্রতিভা…হাসপাতালে চিকিৎসাধীন তিনি…তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি৷’ বেশ কয়েকবছর আগে অভিনয় জগত থেকে ছুটি নিয়েছেন কাদের খান৷ বার্ধক্যের সময়টা ছেলে সরফরাজ ও ছেলের বউ সহিস্তার সঙ্গে কানাডায় পার করছিলেন তিনি৷ এর আগেও ২০১৭ সালে একবার অসুস্থ হয়ে পড়েন কাদের খান। সে সময় থেকে অন্যের সাহায্য-সহযোগিতা নিয়ে চলাফেরা করতেন তিনি। এরই মধ্যে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কাদের খান ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ৪৫০টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন। ২৫০টিরও অধিক ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন তিনি। অভিনেতা, কমেডিয়ান ও সংলাপ রচয়িতা হিসেবে অর্জন করেছেন উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার।   জিএ/পি
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
ইতালির লেক কোমোতে নভেম্বরে রনবীর সিংয়ের সঙ্গে মাত্র ৪৫ জন শুভাকাঙ্ক্ষী নিয়ে গিঁট বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন। এক সঙ্গে পথ চলার এই সিদ্ধান্ত কবে নিয়েছিলেন, ইন্ডিয়ার একটি ম্যাগাজিনকে এমন প্রশ্নের জবাবে বলেন, পদ্মাবত মুক্তি পাওয়ার পর পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় বিয়ের কাজ সম্পন্ন করেন। চুপিসারে বিয়ের কাজ শেষ হয়।  নব দম্পতি বিয়ের ছবি সহজলভ্যভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে চাননি। এজন্য অনেক বিষয় ভক্তদের অজানা থেকে যায়। তবে চলচ্চিত্র শিল্পের দুই বৃহত্তম তারকা লেক কমোর সুদৃশ্য স্থানে যখন বিয়ের কাজ সম্পন্ন করেন, ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। যদিও দুজনের প্রেম বিষয়ে ভক্তরা টুকিটাকি জানতেন, তবে কবে বিয়ে করবেন কারা কারা সে অনুষ্ঠানে থাকবে, এই বিষয়টি একদম অজানা ছিল। দীপিকা অবশ্য সব ধোঁয়াশা মুক্ত করে দিয়েছেন। তিনি বলেন, আমি পদ্মাবতের পরে তাকে (রণবীর) বিয়ে করার কথা ভাবতাম। আমরা জানতাম যে এটি ঘটতে যাচ্ছে, এটি ছিল সময়ের ব্যাপার। যখন চলচ্চিত্রটি মুক্তি পায় তখনই মনে হয় সময়টি এসে গেছে।' দীপিকা পাড়ুকোন অভিনীত পদ্মাবত মুক্তি পায় এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে। অর্থাৎ সেই সময়েই তিনি ৬ বছর ধরে ঝুলে থাকা প্রেমের শেষ পরিণতির কথা ভাবেন। অবশেষে নভেম্বরে ডেটিং জীবনের পরিসমাপ্তি ঘটান দীপিকা-রণবীর।   জিএ/এসআর  
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
কেমন আছেন মিঠুন চক্রবর্তী?
বলিউড, টালিউডের জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী ভালো নেই। বয়সের ৬৬তম অধ্যায়ে এসে হাসপাতালের বিছানা তার সঙ্গী হয়েছে। মেরুদণ্ডের পুরানো ব্যথা নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। একই ব্যথা নিয়ে ২০১৬ সালে একবার হাসপাতালে ভর্তি ছিলেন। এবার পুরানো ব্যথা মাথা চাড়া দিয়ে উঠেছে।  ২০০৯ সালে ‘লাকি’ ছবির শুটিং করার সময় মেরুদণ্ডে আঘাত পান মিঠুন চক্রবর্তী। চিকিৎসায় সে যাত্রায় সুস্থ হয়ে ওঠেন তিনি। কিন্তু ২০১৬ সালে মেরুদণ্ডে পুনরায় ব্যথাজনিত সমস্যা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আবারও সেই পুরানো ব্যথা নতুন করে সমস্যা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এবার বেশ সময় নিয়ে সুস্থ হতে চান। মিঠুন চক্রবর্তীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন তার ছেলে মহাকর্ষ চক্রবর্তী ও ছেলের বউ মাদালসা শর্মা। শারীরিক অসুস্থতার কারণে মিঠুন চক্রবর্তী বড় পর্দায় অনিয়মিত ছিলেন। রাজনীতি থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে প্রায়ই তাকে ছোট পর্দায় দেখা যেত। ডান্স রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এর বিচারক ছিলেন তিনি। বড় পর্দায় সর্বশেষ অনিল শর্মার বলিউডের ছবি ‘জিনিয়াস’-এ তাকে দেখা যায়। নতুন বছরে রাম গোপাল ভর্মা পরিচালিত একটি ভৌতিক ছবিতে দেখা যাবে তাকে। ভারতীয় চলচ্চিত্রে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছিলেন প্রবীণ অভিনেতা এবং নৃত্য আইকন মিঠুন চক্রবর্তী। এ পর্যন্ত বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। সেরা অভিনেতা, সহ-অভিনেতা, খলনায়ক হিসেবে বেশ কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার। সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টিভি। আরও পড়ুন : আরটিভিতে আগামীকাল মুক্তি পাচ্ছে ‘দহন’ লন্ডনে ব্যারিস্টারি পড়তে চান সঙ্গীতশিল্পী সালমা জিএ/এমকে
কেমন আছেন মিঠুন চক্রবর্তী?
বলিউড অভিনেতা কাদের খান গুরুতর অসুস্থ
হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান। নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ তাঁর শরীরে বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও ধরা পড়েছে। হাসপাতালে তার শরীরের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে। জি নিউজকে এসব তথ্য জানিয়েছেন কাদের খানের ছেলে সরফরাজ খান। জানা যায়, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হবার পর থেকেই কথা বন্ধ করে দিয়েছেন কাদের খান। হাসপাতালে তার সঙ্গে রয়েছেন ছেলে সরফরাজ খান ও তার স্ত্রী। সরফরাজ খান অভিমান করে বলেন, বাবাকে সবাই ভুলে গিয়েছেন। ইন্ডাস্ট্রির কেউ তাকে মনে রাখেননি। এর আগেও ২০১৭ সালে একবার অসুস্থ হয়ে পড়েন কাদের খান। সে সময় থেকে অন্যের সাহায্য-সহযোগিতা নিয়ে চলাফেরা করতেন তিনি। কাদের খান ১৯৭০ সাল থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত ৪৫০টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন। ২৫০টিরও অধিক ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন তিনি। অভিনেতা, কমেডিয়ান ও সংলাপ রচয়িতা হিসেবে অর্জন করেছেন উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার। জিএ/পি
বলিউড অভিনেতা কাদের খান গুরুতর অসুস্থ
আরও পড়ুন
শ্রীদেবীর চোখের দিকে তাকালে পাগল হয়ে যেতাম: আমির
শ্রীদেবীর জন্য কাঁদলেন বনি
নজর কেড়েছেন শ্রীদেবী কন্যা
শ্রীদেবীকে পরিকল্পনামাফিক হত্যা করা হয়েছে