ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অন্তর্বাসের দাম ৬১৭ কোটি টাকা, যা দিয়ে তৈরি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম
মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও সৌন্দর্যপণ্য উদ্যোক্তা কাইলি জেনার। ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর পর আবারও র‍্যাম্পে ফিরেছে ভিক্টোরিয়াস সিক্রেটের আলোচিত ‘ফ্যান্টাসি ব্রা’। আর এবারের বিশেষ ডিজাইনের ব্রা পরে র‍্যাম্পে হেঁটেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও সৌন্দর্যপণ্য উদ্যোক্তা কাইলি জেনার। হীরা ও মূল্যবান রত্নে সাজানো ব্রাটির দাম ৫ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১৭ কোটি টাকারও বেশি।

রোববার (১৮ অক্টোবর) মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের পর এবারই প্রথম ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে ফিরল ফ্যান্টাসি ব্রা। এর প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে নকশা ও অলংকারে বিশেষ আয়োজন করেছে ব্র্যান্ডটি। এতে ব্যবহার করা হয়েছে ৪ হাজার ৪১০টি প্রাকৃতিক হীরা। মাঝখানে রয়েছে ৭৫ দশমিক ৫৪ ক্যারেটের উজ্জ্বল কাটের বিরল হলুদ হীরা।

অন্তর্বাসটি তৈরি করতে ১৫ জন কারিগরের এক হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছে। এর ওজন প্রায় চার পাউন্ডের কাছাকাছি। ভিক্টোরিয়াস সিক্রেটের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দামি ফ্যান্টাসি ব্রা। এর আগের রেকর্ডের তুলনায় দাম প্রায় সাড়ে তিন কোটি ডলার বেশি।

র‍্যাম্পে কাইলির পরনে ছিল হালকা কাপড়ের মিনিস্কার্ট, স্বচ্ছ হিল এবং সাদা পালকের ডানা। তবে পুরো আয়োজনের মূল আকর্ষণ হয়ে ওঠে হীরাখচিত ব্রাটি।

এ বিষয়ে ভিক্টোরিয়াস সিক্রেটের প্রধান সৃজনশীল কর্মকর্তা অ্যাডাম সেলম্যান বলেন, এবারের শোর অন্যতম ভাবনা ছিল ভক্তদের উন্মাদনা ও প্রত্যাশা। গত বছরের শোতে ফ্যান্টাসি ব্রা ফিরিয়ে আনার দাবি ছিল সবচেয়ে বেশি। তাই এবার জমকালোভাবে এটি উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার ভাষায়, কাইলি একজন ‘সাংস্কৃতিক শক্তি’, যিনি ফ্যাশন, টেলিভিশন ও সৌন্দর্যজগতের বাইরেও ব্যাপক প্রভাব রাখেন।

জুয়েলারি প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো ব্রাটির অলংকার নির্মাণে কাজ করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো জানান, ব্রাটিতে সাত ধরনের কাটের হীরা ব্যবহার করা হয়েছে। হীরার উজ্জ্বলতা বাড়াতে প্রয়োগ করা হয়েছে চার ধরনের সেটিং কৌশল।

তবে এত দামি অলংকার তৈরি করাই ছিল একমাত্র চ্যালেঞ্জ নয়। ব্রাটি যেন কাইলির শরীরের সঙ্গে মানানসই হয় এবং চলাফেরায় অসুবিধা না করে, সেটিও নিশ্চিত করতে হয়েছে। কারণ, নকশাটি তৈরি হয়েছে মূলত সোনা ও হীরা দিয়ে, এতে কোনো কাপড় ব্যবহার করা হয়নি। কাইলির শরীরের মাপ নিয়ে একাধিকবার পরীক্ষা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত নকশা তৈরি করা হয়।

ফ্যান্টাসি ব্রার ইতিহাস প্রায় ৩০ বছরের। ১৯৯৬ সালে ক্লডিয়া শিফার এক মিলিয়ন ডলারের প্রথম ফ্যান্টাসি ব্রা পরে প্রচারণায় অংশ নেন। ১৯৯৯ সালে হেইডি ক্লুম পরেন ১০ মিলিয়ন ডলারের ‘মিলেনিয়াম ব্রা’।

২০০০ সালে জিসেল বুন্ডশেনের পরনে ছিল ১৫ মিলিয়ন ডলারের ‘রেড হট ফ্যান্টাসি ব্রা’। সর্বশেষ ২০১৮ সালে এলসা হস্ক পরেছিলেন এক মিলিয়ন ডলারের অ্যাটেলিয়ার স্বরোভস্কি ফ্যান্টাসি ব্রা।

ফ্যাশন দুনিয়ায় ফ্যান্টাসি ব্রা একদিকে যেমন প্রচারণার বড় আকর্ষণ, অন্যদিকে এটি গয়না নির্মাণের জটিল কারিগরি দক্ষতারও উদাহরণ। ভিক্টোরিয়াস সিক্রেটের ভাষ্য, এবারের আয়োজনের মূল উদ্দেশ্য ভক্তদের প্রত্যাশা পূরণ করা এবং তাদের জন্য বিশেষ কিছু উপহার দেওয়া।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই। বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন
লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় কারাগারে যেতে হচ্ছে না গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনকে। 
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন
পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত দল মাই কেমিক্যাল রোমান্স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ডালাস কাউবয়েসের চিয়ারলিডারদের মালিক প্রতিষ্ঠান।
পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা
মাইকেল বি জর্ডানের সিনেমার শুটিংয়ের পাশে ছুরিসহ যুবক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে হলিউড অভিনেতা মাইকেল বি জর্ডান ও অস্টিন বাটলার অভিনীত ‘মায়ামি ভাইস ’৮৫’ সিনেমার শুটিংস্থলের কাছে ছুরি প্রদর্শনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মাইকেল বি জর্ডানের সিনেমার শুটিংয়ের পাশে ছুরিসহ যুবক গ্রেপ্তার
আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি কোটি ডলারের সাম্রাজ্য
মার্কিন পপ তারকা ক্যাটি পেরির ৪২তম জন্মদিন আজ (২৫ অক্টোবর)।
আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি কোটি ডলারের সাম্রাজ্য
আরও পড়ুন
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফন বেঁধে স্থানীয়দের অবরোধ, ৭ আন্তঃনগর ট্রেন আটকা
ব্রাজিল ও উরুগুয়েকে ডেকে এনে মহাবিপদে ভারত, দেনায় ডুবছে ফেডারেশন
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু