ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ এএম
মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন। ছবি: সংগৃহীত

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় কারাগারে যেতে হচ্ছে না গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনকে।

সোমবার (২৬ অক্টোবর) আদালত তাকে আট মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে এক বছরের জন্য দণ্ড স্থগিত থাকায় তাকে এখনই কারাগারে যেতে হচ্ছে না।

৩৭ বছর বয়সী এই সংগীতশিল্পী ২০২৩ সালের ফেব্রুয়ারিতে লন্ডনের অভিজাত মেফেয়ার এলাকার টেপ নামের একটি ব্যক্তিগত নৈশক্লাবে এ হামলা চালান। ওই ঘটনায় নিজের দোষ স্বীকার করার পরও তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারত।

আদালতে দেখানো ভিডিওতে দেখা যায়, ক্রিস ব্রাউন তার সাবেক বন্ধু ও সংগীত প্রযোজক আব্রাহাম দিয়াওয়ের মাথায় বোতল দিয়ে দুবার আঘাত করেন। পরে তাকে ভুক্তভোগীর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। হামলায় দিয়াওয়ের মাথা ও হাঁটুতে আঘাত লাগে। পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

সাউথওয়ার্ক ক্রাউন আদালতের বিচারক টনি বাউমগার্টনার বলেন, কাচের বোতল দিয়ে বারবার মাথায় আঘাত করা স্পষ্টতই বিপজ্জনক ছিল। এতে আরও গুরুতর আঘাত লাগার আশঙ্কা ছিল।

তবে দোষ স্বীকার, স্থায়ী কর্মসংস্থান এবং দাতব্য কাজে যুক্ত থাকার মতো বিষয় বিবেচনায় নিয়ে বিচারক তাকে সরাসরি কারাদণ্ড দেওয়ার প্রয়োজন দেখেননি। অতীতে তার বিরুদ্ধে অপরাধের রেকর্ড থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি আইন ভাঙেননি বলেও উল্লেখ করেন বিচারক।

২০০৯ সালে তৎকালীন প্রেমিকা রিহানাকে মারধরের ঘটনায় অপরাধী সাব্যস্ত হওয়ার পর থেকেই বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়েছেন ক্রিস ব্রাউন। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হলেও কিছু ঘটনায় অভিযোগ গঠন করা হয়নি, আবার কিছু অভিযোগ পরে প্রত্যাহার করা হয়।

২০১৯ সালে প্যারিসে ধর্ষণের সন্দেহে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে পরে কোনো অভিযোগ ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়।

লন্ডনের নৈশক্লাবের ঘটনায় দোষ স্বীকার করার বিনিময়ে তার বিরুদ্ধে হামলা, গুরুতর শারীরিক ক্ষতি করার চেষ্টা এবং অস্ত্র হিসেবে বোতল রাখার অভিযোগ প্রত্যাহার করে সরকারি আইনজীবীরা।

এ ঘটনায় তার বন্ধু ও কণ্ঠসংগীতের প্রশিক্ষক ওমোলোলু আকিনলুলুও দোষ স্বীকার করেন। তাকে চার মাসের কারাদণ্ড দেওয়া হলেও সেই দণ্ডও স্থগিত রাখা হয়েছে।

সরকারি আইনজীবী হেইডি স্টোনক্লিফ বলেন, হামলায় ক্রিস ব্রাউনের ভূমিকা ছিল প্রধান। অন্যদিকে তার আইনজীবী স্যালি বেনেট-জেনকিনস বলেন, ঘটনার জন্য তিনি নৈশক্লাবে উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়েছেন। তার দাবি, পুরো ঘটনাটি ২০ সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি।

আদালতের বাইরে ক্রিস ব্রাউনকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস দেখা যায়। ইতালি ও নেদারল্যান্ডস থেকেও তার ভক্তেরা তাকে দেখতে এসেছিলেন। কালো মুখোশ, গাঢ় রঙের চশমা ও কালো পোশাক পরা এই সংগীতশিল্পী ভক্তদের দিকে চুমু ছুড়ে দেন এবং একজনের জন্য স্বাক্ষরও করেন। তবে আদালতে আসার সময় একজনকে তাকে উদ্দেশ করে বলতে শোনা যায়, সহিংসতা যে গ্রহণযোগ্য নয়, তা তিনি কবে বুঝবেন।

হামলার পর যুক্তরাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিস ব্রাউন। পরে ২০২৫ সালের মে মাসে একটি সংগীতানুষ্ঠানে অংশ নিতে ম্যানচেস্টারে গেলে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তিনি ৫০ লাখ পাউন্ড জামিনে মুক্ত ছিলেন। সেই জামিনের শর্তে তিনি গত দুই গ্রীষ্মে ইউরোপ ও উত্তর আমেরিকায় সংগীত সফর করতে পেরেছিলেন।

২০০৫ সালে কিশোর বয়সেই সংগীতজগতে পরিচিতি পান ক্রিস ব্রাউন। ২০১১ সালে ‘ফেম’ অ্যালবামের জন্য সেরা ছন্দ ও ব্লুজ অ্যালবাম বিভাগে প্রথম গ্র্যামি পুরস্কার জেতেন তিনি। ২০২৫ সালে ইলেভেন ইলেভেন ডিলাক্স অ্যালবামের জন্য একই বিভাগে দ্বিতীয়বার পুরস্কার পান।


সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন।
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
অস্ট্রেলীয় হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
চতুর্থবার ফিরছেন অস্টিন পাওয়ার্স, চিত্রনাট্য লিখছেন মাইক মায়ার্স
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সুখবরটি নিশ্চিত করেছেন হলিউড অভিনেতা মাইক মায়ার্স।
চতুর্থবার ফিরছেন অস্টিন পাওয়ার্স, চিত্রনাট্য লিখছেন মাইক মায়ার্স
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ।
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। 
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
আরও পড়ুন
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
স্ত্রীর সামনে নিজেকে ‘শক্তির দানব’ ভেবে বসেন আমিনুর, সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নদীতে ফেলার চেষ্টা
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা আ.লীগের
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ