
'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক তার। 'দোলা', 'অন্তরে অন্তরে', 'দেনমোহর' ও 'স্নেহ' চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ তাকে। এখন পর্যন্ত অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। বলছি ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমীর কথা।
ক্যালেন্ডারের পাতায় আজ ৩ নভেম্বর। মৌসুমীর পরিবার ও ভক্তদের কাছে একটি বিশেষ দিন। কারণ আজ জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন।
মৌসুমীর জন্মদিন এলেই তা বিশেষ হয়ে ওঠে ওমর সানীর কাছে। তবে গত দুই বছর ধরেই এই দিনটি একসঙ্গে উদযাপন করতে পারছেন না তারা। কারণ মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন, আর ওমর সানী রয়েছেন দেশে। তাই এবারের জন্মদিনে তাদের দেখা হচ্ছে না। যদিও ভালোবাসার প্রকাশ থামেনি।
মৌসুমীর জন্মদিনে সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর প্রতি শুভেচ্ছা জানিয়ে ওমর সানী লিখেছেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।
২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশে ফেরার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে গত বছরের মতো এবারও তাকে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করতে হচ্ছে। গত বছর জন্মদিনে দেশে থাকতে না পেরে মন খারাপের কথা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন নায়িকা।
তিনি বলেছিলেন, দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন, প্রিয়জনেরা বাড়িতে আসতেন কেক-ফুল নিয়ে। বিদেশে বসে সেই পরিবেশটাকে খুব মিস করি।
প্রসঙ্গত, ১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী। তার প্রথম সিনেমা ছিল সালমান শাহ–অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’। প্রথম সিনেমা দিয়েই দর্শকের দর্শকের হৃদয় জয় করেন মৌসুমী।

অভিনয়ের পাশাপাশি তিনি গান গেয়েছেন, পরিচালনা ও প্রযোজনাও করেছেন। বহু ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দেয়া এই নায়িকা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান। ওমর সানীর সঙ্গে একাধিক সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন মৌসুমী। শুটিংয়ের মধ্যেই শুরু হয় তাদের প্রেম। পরে গোপনে বিয়ে, এরপর ঘটা করে আয়োজন। দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান ফারদীন এবং ফাইজা।
আরটিভি/এএ




