
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো দেখেই ধারণা করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক করে হ্যাকাররা এসব ভিডিও প্রকাশ করেছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টেলিভিশন চ্যানেলটি। তবে শুধু ক্ষমা চেয়েই এমন গুরুতর ঘটনার দায় এড়ানো যায় না বলে মনে করেন ভিডিওর শিকার অভিনেত্রী পরীমনি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট করেছেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে শুধু দুঃখ প্রকাশ নয়, দায়বদ্ধতাও নিশ্চিত করা জরুরি।
তিনি জানান, এই বিকৃত ভিডিও অনেক আগের। তবে এবার ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে শুধুই ‘সরি’ বলা যথেষ্ট নয় বলে মন্তব্য তার।
গতকাল রাতে ফেসবুক লাইভে আসেন পরীমনি। সেখানেই ক্ষোভে ফেটে পরেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে ‘নোংরামি’তে মেতে উঠেছে নেটিজেনদের একাংশ, তাদের একহাত নিয়েছেন তিনি। ক্ষোভের বশে কয়েকবার গালিও দিয়েছেন।
চ্যানেলটির প্রতিক্রিয়া প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’
নিন্দুকদের উদ্দেশে খোঁচা দিয়ে পরী বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’
পরীমনির মতে, যারা বোধসম্পন্ন মানুষ, তারা ভিডিওটি দেখে এড়িয়ে গেছে। আর যাদের মানসিকতা নিচু, তারাই এটা নিয়ে নেতিবাচক চর্চা করেছে। তিনি বলেন, দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!
ওই লাইভে পরীমনি আরো অনেক কথাই বলেছেন। তবে পরে লাইভটি নিজের পেজ থেকে মুছে ফেলেন তিনি। আজ সকালে এটা নিয়ে স্ট্যাটাস দিয়েও জানান, ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।
প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিমের একটি ওয়েব সিনেমায়। ‘সেপারেশন’ নামের এই সিনেমায় তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ।
আরটিভি/এসকে


