
নরসিংদীতে নিজের স্ত্রী, মেয়ে, শালি ও ভাগ্নির নগ্ন ও আপত্তিকর ভিডিও ধারণ করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন গিয়াস উদ্দিন। এ সুযোগে পরিবারের সদস্যদের নগ্ন ও আপত্তিকর ভিডিও ধারণ করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তার ব্যাংক হিসাবেও সন্দেহজনক বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
সূত্র জানায়, সম্প্রতি প্রশাসনের নজরদারি এড়াতে মাধবদী ছেড়ে ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় একটি নতুন ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তিনি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি চালানোর পর পলাশ থানা-পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় তার ভাড়া বাসা থেকে পর্নোগ্রাফিসংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়।
এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।
আরটিভি/এসকে


