
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় ও আবেদনময়ী অভিনেত্রী কৌশানী মুখার্জি ‘বহুরূপী’র সাফল্যের পর কিছুটা আড়ালের দুবছর পর আবার ঝিমলি চরিত্রে বড় পর্দায় ফিরছেন তিনি।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ দিয়ে আবারও পর্দা মাতাতে আসছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে এই বহুল প্রতীক্ষিত সিনেমার। তবে তার আগেই সিনেমাটির প্রচারের একটি মজার ভিডিও প্রকাশ্যে এসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
প্রচারে একদম ভিন্ন এবং অচেনা এক অবতারে ধরা দিয়েছেন কৌশানী। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, গায়ে সাধারণ শাড়ি, মুখে শ্যামলা মেকআপ এবং ডি-গ্ল্যাম লুকে একেবারে চেনা মেছুনির রূপ ধারণ করেছেন তিনি। হাতে বড় বড় মাছ নিয়ে ক্রেতাদের ডাকতে দেখা গেছে তাকে।
মাছ বিক্রি ও কাটতে গিয়ে বেশ নাজেহাল হতে হয়েছে অভিনেত্রীকে। বঁটির কাছে মাছ নিয়ে ঘষতে ঘষতে মজার ছলে তাকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি। দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’ মাছ কাটার সেই খুনসুটি ভরা দৃশ্য বুঝিয়ে দেয় চরিত্রটি দারুণ উপভোগ করছেন তিনি।
শুধু মাছ কাটা নয়, বাজারের হকারদের মতো গলা ফাটিয়ে গলা ছেড়ে ডাকতেও দেখা গেছে তাকে। হাতে বড় মাছ তুলে তার হাঁকডাক, ‘দুইশ দুইশ, সিলভার দুইশ, বড় মাছ, টাটকা মাছ!’ শুটিংয়ের ফাঁকেও কৌশানীর হাসিখুশি ও রসিক মেজাজ সবার নজর কেড়েছে। শুটিংয়ের ফাঁকে কলাকুশলীদের সঙ্গেও মাছের গন্ধ নিয়ে মজা করতে দেখা যায় তাকে।
আরটিভি/এমএ




