
দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে নিজেক এই নির্মাতা নিয়ে গিয়েছে এক অনন্য জায়গায়।
জনপ্রিয় এই ধারাবাহিকটির নতুন পর্ব মুক্তির তারিখ ঘোষণা করেছে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্ম । এবার ফিরছে প্রিয় চরিত্র ‘নেহাল’। তবে দর্শকদের মনে প্রশ্ন, ‘শিমুল’ কোথায়?
আগামী ৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৩৩ থেকে ৪০তম পর্ব। নতুন পর্বগুলোর অন্যতম আকর্ষণ নেহালের প্রত্যাবর্তন। একই সঙ্গে শিমুল চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে রহস্য, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
এবারের গল্প আবর্তিত হবে নেহালের ফেরাকে ঘিরে। কেন সে ফিরে এল? তার ফিরে আসা কি কাবিলা, পাশা, হাবু ভাইদের জীবনে নতুন ঝড় বয়ে আনবে? আগের সম্পর্কগুলো কি বদলে যাবে; এসব প্রশ্নের উত্তর মিলবে নতুন পর্বগুলোতে।
নির্মাতা কাজল আরেফিন অমি এ নিয়ে গণমাধ্যমে বলেছেন, নেহালের ফিরে আসা ও শিমুলের অনুপস্থিতি, দুটোই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের সব প্রশ্নের উত্তর নতুন পর্বগুলোতেই পাওয়া যাবে।
প্রসঙ্গত, ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।
আরটিভি/এএ




