
বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। সেই স্বপ্নের পথে ছিল প্রস্তুতি, পরিশ্রম আর দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা। তবে শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের মুকুটের লড়াইয়ে এগিয়ে যাওয়া হলো না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির।
প্রতিযোগিতার ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা পাননি তিনি। প্রত্যাশিত ফল না আসার পর এবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই সুন্দরী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। সেখানে তিনি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন সত্যিই আমি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।’
নিজের সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়ে মাহি বলেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটা কথা বলতে চাই আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
আরটিভি/এসএস


