
ঢাকার ধামরাইয়ে অভিনেতা সোহেল খানের বেড়ে ওঠা। সেখান থেকে এই অভিনেতা ঢাকায় এসে অভিনয় করেছেন। কথা বলেছেন নিজের ভাষায়, মায়ের শেখানো ভাষায়। দীর্ঘ ক্যারিয়ারে ছায়ার মতো এই অভিনেতার পাশে থেকেছে তার মায়ের কথা। শুটিংয়েও নানাভাবে আসত তার মায়ের স্মৃতি। সেগুলো প্রায়ই উঠে আসত তার সাক্ষাৎকারে।
অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একটি সিনেমার শুটিং করতে বগুড়ায় গিয়েছিলেন এই অভিনেতা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হোটেলে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। হাসপাতালের দেওয়া সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইকবালের পরিচালনায় নসিব সিনেমায় অভিনয় করতে ১৯ নভেম্বর থেকে তিনি বগুড়ায় ছিলেন। আজ বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল।
অভিনেতা সোহেল খানকে বেশির ভাগ ক্ষেত্রে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যেত। এই অভিনেতার কথা, ‘আমি নিজে যেভাবে কথা বলি। আমি সেভাবেই অভিনয় করি। রংচং মেখে অভিনয় করা আমার পছন্দ না। এসেছি, খেয়েছিস, কোথায় গিয়েছিস —এই ধরনের সংলাপ আমি ইচ্ছা করেই দিই না। আমার সঙ্গে যায় না। আমি নিজের মধ্যে সব সময় থাকতে চাই। মায়ের আঁচলের নিচ থেকে যে কথা শিখেছি, আমি সেটাই বলার চেষ্টা করি।’
অভিনয়জীবনে এসে মায়ের সব কথাই মেনে চলেছেন। তার মধ্যে একটি কথা সব সময় মেনে চলতেন। এই প্রসঙ্গে এই অভিনেতা একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমার মায়ের ধারণা ছিল কোনো ভদ্রলোক মাথার চুল বড় রাখে না। শৈশব থেকেই চুল আঁচড়িয়ে মা বলতেন চুল ছোট রাখতে। আমি সারা জীবন মাথার চুল ছোট রেখেছি। কোনো দিন আমার চুল বড় ছিল না। যাদের সঙ্গে কাজ করেছি, কেউ বলতে পারবে না সোহেল খারাপ। এগুলো পরিবার থেকে শিখেছি।’
কেমন ছিল জীবন নিয়ে প্রত্যাশা
অভিনেতা সোহেল খানের দীর্ঘ দুই যুগের ক্যারিয়ার। এই সময়ে তিনি নিয়মিত অভিনয় করেছেন। ছিল ব্যবসা। তবে অভিনয় ঘিরেই ছিল তার জীবন। তিনি বলেছিলেন, ‘আমি নিজেকে কখনোই গুণী অভিনেতা মনে করি না। কারণ, আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। এ টি এম শামসুজ্জামান, রাজ্জাক তারা ছিলেন গুণী। আমি অভিনয় শিখে আসিনি। আমি এখনো শিখছি।’ এমনকি তার জীবনযাপনও ছিল সাধারণ। মৃত্যুর দুই দিন আগে তিনি বগুড়ার স্থানীয় একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি আমার মনের দিক থেকে সব সময় একই রকম থাকার চেষ্টা করি। আমার কোনো চাহিদা নাই। আমার গাড়ি লাগব, বাড়ি লাগব, উড়োজাহাজ লাগব—এগুলো ভাবি না। অভিনয় নিয়েই থাকতে চাই। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি ভালো আছি।’
আরটিভি/এসএস


