বিশ্বে বর্তমানে প্রায় ৮২০ কোটি মানুষ বসবাস করছে। সমগ্র পৃথিবীর মোট ভূমির পরিমাণ প্রায় ৫ কোটি ৮০ লাখ বর্গমাইল। কল্পনা করুন, যদি এই সমস্ত জমি সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রতিটি মানুষের জন্য প্রায় ০.০০৮ বর্গমাইল জমি দাঁড়াবে, যা প্রায় ৫ একর সমান।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই হিসাব কেবল কাগজে-কলমে সম্ভব। কারণ পৃথিবীর জমির মধ্যে রয়েছে মরুভূমি, পাহাড়, হিমবাহ এবং বাসযোগ্য নয় এমন অনেক এলাকা। তাই বাস্তবে সমান ভাগের জমির বড় অংশ বসবাস বা কৃষিকাজের জন্য ব্যবহার উপযোগী হবে না।
জাতিসংঘের ২০২১ সালের তথ্য অনুযায়ী, পৃথিবীর মোট ভূমির প্রায় ৪০ শতাংশ কৃষিকাজে ব্যবহৃত হয়। এই কৃষিজমি বাদ দিলে, একজন মানুষের জন্য অবশিষ্ট জমি দাঁড়ায় মাত্র ০.০০৩ বর্গমাইল, অর্থাৎ প্রায় ২ একর। এই পরিমাণ জমির মধ্যেই রয়েছে বাড়িঘর, রাস্তা, অফিস, মরুভূমি, পাহাড় এবং বরফাচ্ছাদিত অঞ্চল।
বিশ্লেষকরা আরও বলছেন, পৃথিবীর জনসংখ্যা প্রতিদিন প্রায় ৩ লাখ ৭০ হাজার শিশুর সংযোজনের কারণে বাড়ছে, অথচ জমির পরিমাণ অপরিবর্তিত। এর ফলে ভবিষ্যতে ভূমির ওপর চাপ আরও বৃদ্ধি পাবে এবং বাসযোগ্য জমির পরিমাণ ক্রমশ কমে আসবে।
অতএব, যদিও সমান ভাগের এই কল্পিত হিসাব বাস্তবায়ন করা সম্ভব নয়, এটি স্পষ্ট করে দেয় যে, মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু পৃথিবীর জমি বাড়ছে না।
আরটিভি/এসকে





