
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অভিনব ও নজিরবিহীন সফলতা অর্জন করলেন চীনের শানডং প্রভিন্সিয়াল হাসপাতালের চিকিৎসকরা। এক ভয়াবহ শিল্প দুর্ঘটনায় এক নারীর বিচ্ছিন্ন হওয়া কান পায়ের পাতার ত্বকের নিচে সাময়িকভাবে সংরক্ষণ করে, কয়েক মাস পর সেটি সফলভাবে আবার মাথায় প্রতিস্থাপন করা হয়েছে। এটি বিশ্বে প্রথম এই ধরনের অস্ত্রোপচার।
২০২৫ সালের এপ্রিল মাসে ঘটে যাওয়া দুর্ঘটনায় ওই নারীর মাথার চামড়া এবং একটি কান পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মুখমণ্ডল ও ঘাড়ের ত্বকও ছিন্নভিন্ন হওয়ায় সরাসরি কান পুনঃস্থাপন সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের মাইক্রোসার্জারি ইউনিটের প্রধান কিউ শেনকিয়াং এক অভিনব পদ্ধতি গ্রহণ করেন।
চিকিৎসকরা কানটি পচন থেকে রক্ষা করতে এবং রক্ত সঞ্চালন সচল রাখতে নারীর পায়ের পাতার ত্বকের নিচে সেটি প্রতিস্থাপন করেন। পায়ের রক্তনালীর মাধ্যমে কানটি সজীব রেখে রাখা হয় যতক্ষণ না মাথার ক্ষত শুকিয়ে আবার পুনঃস্থাপনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়।
দীর্ঘ কয়েক মাসের সংরক্ষণের পর সম্প্রতি সফল অস্ত্রোপচারের মাধ্যমে কানটি পা থেকে বিচ্ছিন্ন করে আবার মাথায় বসানো হয়। বর্তমানে কানটি সুস্থ এবং সেখানে রক্ত সঞ্চালন স্বাভাবিক রয়েছে।
এই অপারেশন চিকিৎসাবিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এবং ভবিষ্যতে জটিল বিচ্ছিন্ন অঙ্গ পুনঃস্থাপনের ক্ষেত্রে নতুন উদাহরণ স্থাপন করেছে।
আরটিভি/এসকে




