
২০২৫ সালে দাঁড়িয়ে সম্পর্কের সংজ্ঞা বদলেছে আমূল। ল্যান্ডফোনের জমানায় বেড়ে ওঠা আশি বা নব্বই দশকের প্রজন্মের কাছে সম্পর্কের যে ব্যাকরণ ছিল সহজ ও ছকে বাঁধা, বর্তমান সময়ে তা যেন নতুন মোড়কে নতুন এক গোলকধাঁধা।
সম্প্রতি একটি কোল্ডপ্লে কনসার্টে এক বিলিয়নিয়ার কোম্পানির সিইও ও তার প্রতিষ্ঠানের এইচআর প্রধানের ‘অন্তরঙ্গ’ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
যদিও এটি ব্যক্তিগত বিষয়, কিন্তু আধুনিক যুগের সম্পর্কের জটিলতা আর প্রতারণার সংজ্ঞাকে তা আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
আজকের জেন জি প্রজন্মের অভিধানে প্রেম মানে কেবলই চিরস্থায়ী বন্ধন নয়। তাদের জীবন আবর্তিত হচ্ছে সিচুয়েশনশিপ, গোস্টিং আর ব্রেডক্রাম্বিংয়ের মতো নিত্যনতুন সব শব্দের ভিড়ে। সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধতা আর পিছুটান ছাপিয়ে এখনকার সময়ে ব্যক্তিভেদে সম্পর্কের অর্থও আলাদা।
২১ বছর বয়সী নিলুফার (ছদ্মনাম) কাছে যেমন জীবনের স্বাধীনতা আর অভিজ্ঞতাই মুখ্য। তার কাছে সম্পর্কের চূড়ান্ত পরিণতি মানেই বিয়ে নয়, বরং সফল হওয়া এবং নিজেকে শানিয়ে তোলা। সম্পর্কের ‘সীমানা’ বিষয়েও তার দৃষ্টিভঙ্গি বেশ নমনীয়।
সোশ্যাল মিডিয়ায় অন্য কাউকে লাইক দেওয়াকে সে প্রতারণা মনে করে না। এমনকি সঙ্গী অন্য কাউকে ডেটে নিয়ে গেলে সেও নিজের সুবিধা ও স্বাধীনতা অনুযায়ী চলায় বিশ্বাসী।
অন্যদিকে, কর্মজীবনের ব্যস্ততা ও করপোরেট সংস্কৃতির চাপ সম্পর্কের বিশ্বস্ততাকে অন্য উচ্চতায় নিয়ে ঠেকেছে।
২৫ বছর বয়সী আবেদ (ছদ্মনাম), যিনি একটি বহুজাতিক সংস্থায় কর্মরত, তার মতে সারাদিনের দীর্ঘ সময় সহকর্মীদের সাথে কাটানোর পর আলাদাভাবে রোমান্টিক সম্পর্কে মনোযোগ দেওয়া বেশ কঠিন। তার চারপাশের বিবাহিত সহকর্মীদের দেখে তিনি বুঝেছেন, বর্তমান সময়ে স্বামী বা স্ত্রীর প্রতি বিশ্বস্ততার টান অনেকটাই ফিকে হয়ে এসেছে। ফলে দীর্ঘমেয়াদী সম্পর্কের বদলে ফারহান এখন ক্যাজুয়াল ডেটিংয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন।
তার ভাষায়, একজনের প্রতি বিশ্বস্ত থাকাটা বেশ ঝামেলার কাজ। মজার ছলে তিনি প্রশ্ন তোলেন, ২০২৫ সালেও কি ‘সত্যিকারের ভালোবাসা’ বলে কিছু টিকে আছে?
সাধারণত সম্পর্কের প্রতারণাকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হলেও বর্তমান প্রজন্মের কাছে এর সংজ্ঞা ব্যক্তিভেদে ভিন্ন। আর্থিক টানাপোড়েন, পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত অপূর্ণতা মানুষকে অনেক সময় নতুন সঙ্গীর দিকে ঠেলে দেয়।
অনেকে মনে করেন, তৃতীয় ব্যক্তির আগমনেই সম্পর্কের মৃত্যু ঘটে এবং কিছু সীমারেখা কখনোই অতিক্রম করা উচিত নয়। কিন্তু এই সীমারেখা ঠিক কোথায় টানা হবে, তা নিয়েই এখনকার প্রজন্মের সাথে আগের প্রজন্মের রয়েছে বিস্তর মতভেদ। সময়ের সাথে পাল্লা দিয়ে সম্পর্কের ধরন যত জটিল হচ্ছে, ততই বিস্ময় নিয়ে পুরনো প্রজন্ম দেখছে জেন জি’র এই বিবর্তনশীল প্রেম আর প্রতারণার নতুন সংজ্ঞায়ন।
আরটিভি/এএইচ




