
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে ব্যাচভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন ‘ইনফিনিটি এসএসসি-২০০১, বাংলাদেশ’।
প্রতি বছরের মতো এবারও সংগঠনটির পরিচালনা পরিষদের সার্বিক সহযোগিতায় এবং ২০০১ ব্যাচের বিভিন্ন জেলার সোশ্যাল ওয়ার্কার ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক বন্ধুদের তত্ত্বাবধানে চলছে ‘ইনফিনিটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’। জেলাভিত্তিক বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগস্ট মাসজুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে দেশের প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ও স্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রের খালি জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে। এ বছর আরও ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিও সম্পন্ন করেছে সংগঠনটি।
সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ২০২৪ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে ইনফিনিটি এসএসসি-২০০১, বাংলাদেশ।

২০২১ সালের ৬ জুন ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করা সংগঠনটি বর্তমানে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। প্রি-মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন মানবিক সহায়তা, ছিন্নমূল মানুষ, পথশিশু ও বৃদ্ধাশ্রমে সহায়তাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তারা।
এ ছাড়া সংগঠনটির পরিচালনা পরিষদের বিশেষজ্ঞ চিকিৎসক সদস্যদের উদ্যোগে জামগড়া, জিরাবো ও আশুলিয়ায় তিনটি ফ্রি চিকিৎসা কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে মাত্র ৫০ টাকা ফিতে বিনামূল্যে ওষুধসহ প্রতিদিন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ইনফিনিটি এসএসসি-২০০১, বাংলাদেশের ফাউন্ডার মো. আব্দুল মতিন রনি মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসা সব সোশ্যাল ওয়ার্কার ও শিক্ষক বন্ধু এবং ২০০১ ব্যাচের সব স্তরের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

একই সঙ্গে সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য ডা. তানিয়া হাফিজ, আরজু রাজু, কামরুল হাসান, সুলতানা পপি, নুরুল আলম, আয়েশা সিদ্দিকী, আল-আমিন রাকিব, সাকিল সুমন, সেলিনা, পলাশ, দিলরুবা জলি, জামির, রেজোয়ান রনি, জাকির, ডিকেন, রাসেল ও রানা বুলবুলের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সংগঠনটির আহ্বান আসুন, আমরা সবাই নিজে বৃক্ষরোপণ করি এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করি। পরিবেশ রক্ষায় গড়ে তুলি সবুজ বাংলাদেশ।
আরটিভি/এসকে



