
সরকারি কর্মচারীদের জন্য ডেটিং অ্যাপ চালু করেছে সিঙ্গাপুর সরকার। শুধু তাই নয়, অ্যাপের মাধ্যমে সম্ভাবনাময় সঙ্গী খুঁজে পাওয়ার পর প্রথমবার দেখা করার খরচও সরকার বহন করবে। মূলত দেশে কমতে থাকা জন্মহার ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরের ২১ থেকে ৩৫ বছর বয়সি সরকারি কর্মচারীদের জন্য তৈরি করা হয়েছে ‘ফার্স্ট ডেট’ নামের এই ডেটিং অ্যাপ। দেশটির সরকারি প্রযুক্তি সংস্থার মাধ্যমে সরকারি অর্থায়নে অ্যাপটি তৈরি করা হয়েছে।
অ্যাপে নিবন্ধনের সময় ব্যবহারকারীদের জীবনযাপন, মূল্যবোধ, পছন্দ-অপছন্দসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিতে হবে। এসব তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য সঙ্গীর সঙ্গে প্রোফাইল ম্যাচ করানোর চেষ্টা করবে অ্যাপটি।
দুজনের প্রোফাইল ম্যাচ হলে তাদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে দুজনকে সিদ্ধান্ত জানাতে হবে তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে বা সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী কি না।
প্রাথমিকভাবে দেখা করতে অনাগ্রহ থাকলেও অ্যাপের মাধ্যমে দুজনের মধ্যে যোগাযোগ তৈরির চেষ্টা করা হবে। আর শেষ পর্যন্ত যদি তারা দেখা করার সিদ্ধান্ত নেন, প্রথম সাক্ষাতের খরচও সরকার বহন করবে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
সরকারের এমন উদ্যোগের পেছনে রয়েছে দেশটির ক্রমহ্রাসমান জন্মহার। ২০২৫ সালে সিঙ্গাপুরে ৩০ হাজারেরও কম শিশুর জন্ম হয়েছে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের জন্মহার নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
এই পরিস্থিতিতে তরুণদের সম্পর্ক, বিয়ে ও সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহিত করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। সরকারি কর্মীদের দিয়ে শুরু হলেও ভবিষ্যতে এ ধরনের ডেটিং উদ্যোগ সাধারণ নাগরিকদের মধ্যেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
জন্মহার কমে যাওয়ার সমস্যা মোকাবিলায় এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়াও সরকারি উদ্যোগে ম্যাচমেকিং ও গণবিবাহের মতো কর্মসূচি নিয়েছে। তবে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ তৈরি করে তাদের সম্ভাব্য সঙ্গী খুঁজে দেওয়া এবং প্রথম ডেটের খরচ বহনের উদ্যোগ সিঙ্গাপুরকে আলোচনায় এনেছে।
আরটিভি/এসকে


