
গভীর সমুদ্রের রহস্যময় জগতে নতুন এক বিস্ময়কর প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দক্ষিণ চীন সাগরের গভীর তলদেশে দেখা মিলেছে এমন এক মাছের, যা শুধু সাঁতার কাটতেই পারে না, বরং পাখনাকে পায়ের মতো ব্যবহার করে সমুদ্রের তলদেশে হাঁটতেও পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাছটিকে পেছনের দিকে হাঁটতে দেখা গেছে। সম্প্রতি আধুনিক ডুবোযানের ক্যামেরায় ধরা পড়েছে বিরল এই দৃশ্য।
মাছটির বৈজ্ঞানিক নাম Scalicus engyceros। এটি ‘আর্মার্ড সি-রবিন’ নামে পরিচিত এক বিশেষ প্রজাতির মাছ। এর পুরো শরীর শক্ত হাড়ের প্লেট বা বর্মের মতো আবরণে ঢাকা। বুকের কাছে থাকা বিশেষ পাখনাগুলো ছোট ছোট পায়ের মতো দেখতে। পাখনাগুলো আঙুলের মতো ছড়িয়ে দিয়ে সমুদ্রের তলদেশে ভর করে চলাচল করতে পারে মাছটি।
চীনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের গবেষক হান তিয়ানের নেতৃত্বে বিজ্ঞানীরা এই মাছের চলাচল পর্যবেক্ষণ করেন। গবেষণার জন্য উত্তর ও দক্ষিণ চীন সাগরের গভীর এলাকায় পাঠানো হয়েছিল আধুনিক ডুবোযান। এর শক্তিশালী ক্যামেরায় মাছটির অস্বাভাবিক চলাচলের দৃশ্য ধরা পড়ে। গবেষকদের দাবি, মাছটির পেছনের দিকে হাঁটার এই পর্যবেক্ষণ গভীর সমুদ্রের প্রাণীদের চলাচল সম্পর্কে নতুন তথ্য দিয়েছে।
মাছটির শরীরের গঠনও বেশ অদ্ভুত। মাথার সামনের দিকে রয়েছে কোদালের মতো চ্যাপটা একটি অংশ। এই বিশেষ অঙ্গ ব্যবহার করে সমুদ্রের তলদেশের কাদা ও বালুর নিচে লুকিয়ে থাকা ছোট প্রাণী কিংবা খাবার খুঁজে বের করতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তবে এই অঙ্গের কারণে চলাচলে কিছুটা অসুবিধা হয় কি না, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
মাছটির চোখও বেশ বড়। গবেষণায় দেখা গেছে, ডুবোযান কাছে আসার পর প্রথমে মাছটি স্থির ছিল। কিন্তু ডুবোযানের তীব্র আলো চোখে পড়তেই সেটি দ্রুত সাঁতরে দূরে সরে যায়। এ ঘটনা থেকে ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রের অন্ধকার পরিবেশে বসবাস করলেও মাছটির চোখ আলোর প্রতি বেশ সংবেদনশীল।
বিজ্ঞানীদের মতে, মাছটি কীভাবে গভীর সমুদ্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে, তা এখনো পুরোপুরি জানা যায়নি। এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে এর অদ্ভুত পাখনা, চলাচলের কৌশল এবং শরীরের বিশেষ গঠন গভীর সমুদ্রের প্রাণীদের বিবর্তন ও অভিযোজন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।
গবেষক হান তিয়ানের মতে, আধুনিক ডুবোযানের সাহায্যে এখন গভীর সমুদ্রের প্রাণীদের প্রাকৃতিক পরিবেশে জীবন্ত অবস্থায় পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। আগে গবেষকদের মূলত মৃত বা সংরক্ষিত নমুনার ওপর নির্ভর করতে হতো। নতুন প্রযুক্তির ফলে প্রাণীরা কীভাবে চলাচল করে, খাবার সংগ্রহ করে এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকে, তা সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে।
গভীর সমুদ্রের অজানা জগৎ সম্পর্কে মানুষের জানার পরিধি এখনো সীমিত। আর সেখানে উল্টো দিকে হাঁটতে সক্ষম এই মাছের সন্ধান সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা জীববৈচিত্র্যের নতুন এক বিস্ময় সামনে এনেছে।
সূত্র: পপুলার সায়েন্স
আরটিভি/এসকে
