
রোদ থেকে চোখ বাঁচাতে সানগ্লাস ব্যবহার করেন অনেকেই। তবে রোদচশমা পরার পর কখনো কখনো সোজা রাস্তা বা দেয়ালের রেখা বাঁকা, ঢেউখেলানো কিংবা হেলে আছে বলে মনে হতে পারে। এমনকি আশপাশের বস্তুর রং, দূরত্ব ও গভীরতা বোঝার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। কিন্তু সানগ্লাস পরলে এমনটা কেন হয়?
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ভাসান আই কেয়ারের জয়ানগর শাখার রেটিনা, ছানি ও রিফ্র্যাকটিভ সার্জন চিকিৎসক মধুরা এম।
চিকিৎসকের মতে, সানগ্লাসের লেন্স আলোকে কীভাবে প্রতিসরিত, প্রতিফলিত ও পরিশোধিত করে, তার ওপর দৃষ্টির এই পরিবর্তন নির্ভর করে। লেন্সের বাঁক, উপাদান, রঙের প্রলেপ, পোলারাইজেশন এবং তৈরির মানের কারণেও এমনটা হতে পারে।
পোলারাইজড সানগ্লাসে কেন দৃশ্য আলাদা লাগে?
পোলারাইজড সানগ্লাস রাস্তা, পানি ও কাচের মতো পৃষ্ঠ থেকে প্রতিফলিত আলো কমিয়ে দেয়। ফলে চোখে ঝলকানি বা গ্লেয়ার কম লাগে এবং দৃশ্য দেখতে আরাম হয়।
তবে আলোর উজ্জ্বলতা ও বৈপরীত্যের পরিবর্তনের কারণে কারও কারও কাছে আশপাশের দৃশ্য, দূরত্ব কিংবা গভীরতা কিছুটা ভিন্ন মনে হতে পারে। বিশেষ করে আলো-অন্ধকারের পরিবেশ পরিবর্তনের সময় এবং ডিজিটাল পর্দার দিকে তাকালে বিষয়টি বেশি অনুভূত হয়।
সোজা রেখা বাঁকা দেখানোর কারণ কী?
সানগ্লাসের লেন্সের বাঁক অসমান হলে, তৈরিতে ত্রুটি থাকলে কিংবা চোখের সঙ্গে লেন্সের অবস্থান ঠিকভাবে না মিললে দৃষ্টিতে বিকৃতি তৈরি হতে পারে। এর ফলে সোজা রেখাকে বাঁকা, কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে সরে যাওয়া কিংবা চারপাশকে ঢেউখেলানো মনে হতে পারে।
প্রেসক্রিপশনযুক্ত সানগ্লাসের ক্ষেত্রেও এমন সমস্যা দেখা দিতে পারে। লেন্সের পাওয়ার ভুল হলে অথবা নতুন পাওয়ারের সঙ্গে চোখ মানিয়ে নিতে সময় লাগলে দৃষ্টিতে অস্বস্তি তৈরি হতে পারে।
চিকিৎসক মধুরার মতে, নতুন সানগ্লাস ব্যবহারের পর সামান্য দৃষ্টিবিভ্রম হলে অনেক সময় মস্তিষ্ক নতুন দৃশ্যের সঙ্গে মানিয়ে নেয়। ফলে ধীরে ধীরে সমস্যা কমে যেতে পারে।
কখন সতর্ক হওয়া জরুরি?
সানগ্লাস পরার পর কয়েক দিন পার হলেও দৃষ্টির বিকৃতি না কমলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। এর সঙ্গে মাথাব্যথা, মাথা ঘোরা, বমিভাব, দূরত্ব বুঝতে অসুবিধা কিংবা ঝাপসা দেখার মতো উপসর্গ দেখা দিলে লেন্সের মান, প্রেসক্রিপশন ও ফ্রেমের অবস্থান পরীক্ষা করানো প্রয়োজন।
আর সানগ্লাস খুলে ফেলার পরও যদি সোজা কোনো বস্তু বাঁকা বা ঢেউখেলানো দেখায়, তাহলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। কারণ রেটিনা বা ম্যাকুলার সমস্যার কারণেও এমন লক্ষণ দেখা দিতে পারে।
সানগ্লাস কেনার সময় যা খেয়াল রাখবেন
সানগ্লাস কেনার সময় শুধু লেন্সের গাঢ় রং দেখে নির্বাচন করা উচিত নয়। গাঢ় রঙের লেন্স মানেই অতিবেগুনি রশ্মি থেকে বেশি সুরক্ষা এমন ধারণা ঠিক নয়।
চোখকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে ইউভিএ ও ইউভিবি উভয় রশ্মি প্রতিরোধে সক্ষম, নির্ভরযোগ্য সনদযুক্ত সানগ্লাস বেছে নেওয়া জরুরি।
পাশাপাশি লেন্সের মান, সঠিক পাওয়ার এবং ফ্রেমের ফিটিংয়ের বিষয়েও গুরুত্ব দিতে হবে। নতুন সানগ্লাস ব্যবহারের পর দৃষ্টির বিকৃতি দীর্ঘস্থায়ী হলে সেটি ব্যবহার বন্ধ করে চক্ষু বিশেষজ্ঞ বা অপটোমেট্রিস্টের মাধ্যমে লেন্স পরীক্ষা করানো উচিত।
আরটিভি/এসকে




