
কফি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি পান করার অভ্যাস রয়েছে কোটি কোটি মানুষের। তবে সব কফির দাম এক নয়। কিছু কফির স্বাদ, সুগন্ধ, উৎপাদন প্রক্রিয়া এবং বিরলতার কারণে দাম সাধারণ কফির তুলনায় কয়েক গুণ বেশি।
এক কাপ কফির দাম কত হতে পারে? কয়েকশ, কয়েক হাজার কিংবা বড়জোর কয়েক লাখ টাকা! কিন্তু যদি বলা হয়, এক কাপ কফির দামই কয়েক হাজার টাকা, আর সেই কফি তৈরির পেছনে রয়েছে হাতি ও বিড়ালের মল তাহলে নিশ্চয়ই অবাক হবেন।
শুনতে অদ্ভুত কিংবা কিছুটা অরুচিকর মনে হলেও বিশ্বের কফিপ্রেমীদের কাছে এই কফির কদর আকাশছোঁয়া। বিশেষ প্রক্রিয়ায় প্রাণীর পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে যাওয়া কফি বিন থেকেই তৈরি হয় বিশ্বের অন্যতম দামি ও দুর্লভ কফি।
প্রাণীর মল থেকে কফি! বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন দুটি কফি রয়েছে, যেগুলো বিশ্বজুড়ে বিশেষ পরিচিতি পেয়েছে। একটি হলো ইন্দোনেশিয়ার বিখ্যাত ‘কোপি লুয়াক’, যা সিভেট বা গন্ধগোকুলের মলের মধ্য থেকে সংগ্রহ করা কফি বিন দিয়ে তৈরি। অন্যটি থাইল্যান্ডের ‘ব্ল্যাক আইভরি কফি’, যা হাতির পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে যাওয়া কফি বিন থেকে প্রস্তুত করা হয়।
অবাক করার বিষয় হলো, বিশ্বের সবচেয়ে দামি কয়েকটি কফি তৈরি হয় হাতি ও বিড়ালজাতীয় প্রাণীর পরিপাক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া কফি বিন থেকে।
চলুন জেনে নেওয়া যাক বিশ্বের পাঁচটি দামি কফি সম্পর্কে-

হাতির মল থেকে তৈরি ব্ল্যাক আইভরি কফি
প্রাণীর মল থেকে তৈরি কফির তালিকায় আরও বিস্ময়কর নাম ব্ল্যাক আইভরি কফি। থাইল্যান্ডে তৈরি এই কফি বিশ্বের অন্যতম দামি ও দুর্লভ কফি হিসেবে পরিচিত।
এ কফি তৈরির পদ্ধতিও অনেকটা কোপি লুয়াকের মতো। তবে এখানে সিভেটের পরিবর্তে ব্যবহার করা হয় হাতি। প্রথমে হাতিকে পাকা কফি ফল খাওয়ানো হয়। হাতির পরিপাকতন্ত্রে ফলগুলো দীর্ঘ সময় ধরে হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। পরে মলের সঙ্গে বেরিয়ে আসে কফি বিন।
সেই মল থেকে কফি বিন আলাদা করে সংগ্রহ করা হয়। এরপর সেগুলো পরিষ্কার, শুকানো এবং ভাজাসহ কয়েকটি ধাপ পেরিয়ে তৈরি হয় ব্ল্যাক আইভরি কফি।
হাতির পরিপাকতন্ত্রে কফি ফল দীর্ঘ সময় অবস্থান করায় এর স্বাদে বিশেষ পরিবর্তন আসে বলে দাবি করেন উৎপাদকরা। তাদের মতে, এ কফিতে তিক্ততা তুলনামূলক কম এবং চকোলেট, মসলা ও ফলের মতো স্বাদের আভাস পাওয়া যায়।
তবে এই কফি উৎপাদন অত্যন্ত কঠিন। কারণ, হাতি যে পরিমাণ কফি ফল খায়, তার সবগুলো থেকে ব্যবহারযোগ্য কফি বিন পাওয়া যায় না। পরিপাক প্রক্রিয়ায় অনেক বিন নষ্ট হয়ে যায় কিংবা অন্য খাবারের সঙ্গে হারিয়ে যায়। ফলে অল্প পরিমাণ কফি উৎপাদন করতেও বিপুল পরিমাণ কফি ফলের প্রয়োজন হয়।

বিড়ালের মল থেকে তৈরি কফি কোপি লুয়াক
বিশ্বের সবচেয়ে আলোচিত দামি কফিগুলোর একটি কোপি লুয়াক। ইন্দোনেশিয়ায় এর উৎপত্তি। তবে নামের সঙ্গে বিড়ালের কথা জড়িয়ে থাকলেও এটি আসলে সাধারণ গৃহপালিত বিড়ালের মল থেকে তৈরি হয় না। এ কফির মূল উপাদান সংগ্রহ করা হয় সিভেট নামের এক ধরনের বন্য স্তন্যপায়ী প্রাণীর মল থেকে। প্রাণীটিকে অনেক সময় পাম সিভেট বা সিভেট ক্যাটও বলা হয়।
সিভেট প্রাণীটি পাকা ও ভালো মানের কফি চেরি বা কফি ফল খেতে পছন্দ করে। ফলের ভেতরের কফি বিন তার পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে গেলেও পুরোপুরি হজম হয় না। বরং হজম প্রক্রিয়ায় ফলের বাইরের অংশ নষ্ট হয়ে যায় এবং ভেতরের বীজ অক্ষত অবস্থায় মলের সঙ্গে বেরিয়ে আসে।
এরপর সংগ্রহ করা হয় সেই কফি বিন। সেগুলো ভালোভাবে পরিষ্কার, শুকানো ও প্রক্রিয়াজাত করার পর ভাজা হয়। সবশেষে তৈরি হয় বিশেষ স্বাদের কোপি লুয়াক কফি।
কফি বিশেষজ্ঞদের মতে, সিভেটের পরিপাকতন্ত্রে থাকা এনজাইম কফি বিনের প্রোটিনের গঠনে কিছু পরিবর্তন আনতে পারে। ফলে কফির স্বাদ ও তিক্ততায় ভিন্নতা তৈরি হয়। অনেকের কাছে এই কফির স্বাদ তুলনামূলক মসৃণ, কম তিক্ত এবং বিশেষ ধরনের সুবাসযুক্ত।
একসময় প্রতি পাউন্ড কপি লুওয়াকের দাম প্রায় ৬০০ ডলার পর্যন্ত উল্লেখ করা হতো। তবে উৎপাদনপদ্ধতি নিয়ে প্রাণী কল্যাণের প্রশ্নও রয়েছে। বিশেষ করে খাঁচায় বন্দি রেখে কফি ফল খাওয়ানোর চর্চা ব্যাপকভাবে সমালোচিত।

ফিনকা এল ইনজার্টো কফি
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার অন্যতম বিখ্যাত কফি হলো ফিনকা এল ইনজার্টো। দেশটির উঁচু পাহাড়ি অঞ্চলে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৫০০ ফুট উচ্চতায় এই কফির চাষ করা হয়। বিশেষ ভৌগোলিক পরিবেশ, অনুকূল জলবায়ু এবং যত্নসহকারে কফি উৎপাদনের কারণে এটি আন্তর্জাতিক বাজারে বেশ সুনাম অর্জন করেছে। বিভিন্ন আন্তর্জাতিক কফি প্রতিযোগিতায়ও এই কফি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বিরলতা ও উন্নত মানের কারণে একসময় প্রতি পাউন্ড ফিনকা এল ইনজার্টো কফির দাম প্রায় ৫০০ ডলার পর্যন্ত বলা হয়েছে।

সেন্ট হেলেনা কফি
আটলান্টিক মহাসাগরের দক্ষিণাংশে অবস্থিত ছোট্ট দ্বীপ সেন্ট হেলেনা। এই দ্বীপেই উৎপাদিত হয় বিশেষ স্বাদের সেন্ট হেলেনা কফি। বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান, সীমিত উৎপাদন এবং স্বতন্ত্র স্বাদের কারণে বিশ্বজুড়ে কফিপ্রেমীদের কাছে এর আলাদা কদর রয়েছে। দ্বীপটির আগ্নেয়গিরির প্রভাবযুক্ত মাটি ও অনন্য প্রাকৃতিক পরিবেশ কফি চাষের জন্য বিশেষ ভূমিকা রাখে। এর উৎপাদন তুলনামূলক কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে চাহিদা ও দাম দুটিই বেশি। প্রতি পাউন্ড এই কফির দাম প্রায় ১৪৫ ডলার পর্যন্ত হতে পারে।

মলোকাই কফি
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ছোট দ্বীপ মলোকাইয়ের নামেই এই কফির নামকরণ। দ্বীপটির আগ্নেয়গিরির প্রভাবযুক্ত উর্বর মাটিতে চাষ করা হয় মলোকাই কফি। প্রাকৃতিক পরিবেশ, বিশেষ জলবায়ু এবং সীমিত উৎপাদন এই কফিকে দিয়েছে আলাদা পরিচিতি। এর স্বাদে পাওয়া যায় বিশেষ ধরনের মিষ্টি ও সুগন্ধি অনুভূতি। আন্তর্জাতিক বাজারে প্রতি পাউন্ড মলোকাই কফির দাম প্রায় ৬০ ডলার পর্যন্ত হতে পারে।
কেন এত দামি এই কফি?
এই কফিগুলোর দাম বেশি হওয়ার পেছনে রয়েছে কয়েকটি কারণ।
প্রথমত, উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য।
দ্বিতীয়ত, প্রাণীর মল থেকে অক্ষত কফি বিন সংগ্রহ করতে হয়। এরপর পরিষ্কার, শুকানো ও প্রক্রিয়াজাত করার মতো বেশ কয়েকটি ধাপ রয়েছে।
তৃতীয়ত, উৎপাদনের পরিমাণ খুবই সীমিত। বিশেষ করে ব্ল্যাক আইভরি কফি খুব অল্প পরিমাণে উৎপাদিত হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় এর দাম বেড়ে যায়।
বিভিন্ন আন্তর্জাতিক বাজার ও বিক্রয়কেন্দ্রে কোপি লুয়াকের দাম প্রতি কেজি কয়েকশ থেকে হাজার ডলার পর্যন্ত হতে পারে। অন্যদিকে ব্ল্যাক আইভরি কফির দাম প্রতি কেজি কয়েক হাজার ডলারে পৌঁছাতে পারে। উৎপাদনের ধরন, মান, বিশুদ্ধতা ও বিক্রয়স্থল অনুযায়ী দামেও পার্থক্য দেখা যায়।
স্বাদের চেয়ে বেশি আলোচনায় প্রাণীকল্যাণ
তবে এই দামি কফি নিয়ে বিতর্কও কম নয়। বিশেষ করে কোপি লুয়াক উৎপাদনে সিভেট প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ রয়েছে। বাণিজ্যিকভাবে কফি উৎপাদনের জন্য অনেক জায়গায় সিভেটকে ছোট খাঁচায় বন্দি করে রাখা হয় এবং জোর করে কফি ফল খাওয়ানো হয়। এতে প্রাণীগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
অন্যদিকে ব্ল্যাক আইভরি কফি উৎপাদনকারীরা হাতির যত্ন ও কল্যাণের বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা বলে থাকেন। তবে এ ক্ষেত্রেও প্রাণীর প্রতি আচরণ, খাবারের ব্যবস্থা এবং উৎপাদনপ্রক্রিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শুধু দামি হলেই কোনো কফি ভালো বা স্বাস্থ্যসম্মত হয়ে যায় না। এসব কফির স্বাদ ও মান নিয়ে ব্যক্তিভেদে ভিন্ন অভিজ্ঞতা থাকতে পারে। পাশাপাশি প্রাণীকল্যাণ নিশ্চিত না করে উৎপাদিত কফি কেনার আগে ক্রেতাদের সচেতন হওয়া জরুরি।

অদ্ভুত প্রক্রিয়া, আকাশছোঁয়া দাম
একসময় যে কফি বিনকে প্রাণীর বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো, সময়ের সঙ্গে সেটিই পরিণত হয়েছে বিলাসবহুল পানীয়তে। বিশ্বের বিভিন্ন দেশের কফিপ্রেমী ও পর্যটকদের কাছে এই কফি এখন বিশেষ আকর্ষণ। কেউ এর বিরল স্বাদের জন্য পান করেন, আবার কেউ শুধু ব্যতিক্রমী অভিজ্ঞতার অংশ হিসেবেই এক কাপ কফি চেখে দেখতে চান।
সব মিলিয়ে হাতি ও সিভেটের মলের মধ্য থেকে সংগ্রহ করা কফি প্রকৃতির এক অদ্ভুত প্রক্রিয়াকে বিলাসবহুল পণ্যে রূপ দিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায় এক কাপ কফির জন্য এত বিপুল অর্থ খরচ করা কি শুধুই স্বাদের জন্য, নাকি এর পেছনে কাজ করে দুর্লভ কিছু উপভোগ করার মানুষের প্রবল আকাঙ্ক্ষা।
দামি কফির পেছনের রহস্য
বিশ্বের দামি কফিগুলোর উচ্চমূল্যের পেছনে শুধু স্বাদ নয়, রয়েছে উৎপাদন পদ্ধতি, ভৌগোলিক অবস্থান, বিরলতা এবং আন্তর্জাতিক চাহিদার প্রভাব। তবে হাতি কিংবা সিভেটের মাধ্যমে উৎপাদিত কফির ক্ষেত্রে প্রাণী কল্যাণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কপি লুওয়াক কেনার সময় সেটি বন্য পরিবেশে থাকা প্রাণীর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে, নাকি খাঁচায় বন্দি প্রাণী ব্যবহার করে উৎপাদিত হয়েছে, তা যাচাই করা জরুরি।
এক কাপ কফির দাম যেখানে সাধারণত কয়েকশ টাকা, সেখানে এসব কফির এক পাউন্ডের দামই হতে পারে কয়েকশ ডলার! তাই স্বাদ নেওয়ার পাশাপাশি এসব কফির উৎপাদনপ্রক্রিয়াও কফিপ্রেমীদের কাছে বিশেষ কৌতূহলের বিষয়।
আরটিভি/এসকে


