ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পুঁজিবাদের দাপট বনাম শ্রমের অধিকার: শ্রম আইন কি শুধু কাগজে-কলমে?

মোঃ ওয়াহেদুর রহমান শাওন

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:২১ পিএম
মোঃ ওয়াহেদুর রহমান শাওন। ছবি: সৌজন্য

দেশের অর্থনীতি, শিল্প উৎপাদন ও সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি গড়ে উঠেছে শ্রমজীবী মানুষের ঘামে ও পরিশ্রমে। কারখানা থেকে হাসপাতাল, নির্মাণ খাত থেকে উদীয়মান প্রযুক্তি খাত-সবখানেই শ্রমিক ও কর্মজীবীদের অবদান অনস্বীকার্য। সহজ কথায়, একটি রাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল রাখার আসল কারিগর তারাই। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই বিপুল অবদানের বিপরীতে তারা কি যথাযথ মর্যাদা, ন্যায্য পাওনা ও আইনি সুরক্ষা পাচ্ছেন?

অর্থনীতিবিদ কার্ল মার্ক্স তাঁর তত্ত্বে শ্রমকে উৎপাদনের অন্যতম প্রধান উপাদান হিসেবে গুরুত্ব দিয়েছেন। কিন্তু পুঁজিবাদের আগ্রাসী বিকাশে অনেক সময় শ্রমিকের এই শ্রম চরমভাবে অবমূল্যায়িত হয়। দুঃখজনকভাবে আমাদের দেশেও শ্রমিকের ন্যায্য অধিকার, আত্মমর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ এখনো কাঙ্ক্ষিত স্তরে পৌঁছাতে পারেনি। বর্তমান সময়ের নানামুখী শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা আমাদের মনে করিয়ে দেয়—শ্রমিকের অধিকার রক্ষা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও অপরিহার্য। একজন কর্মীর কাছ থেকে নিষ্ঠা ও দক্ষতা প্রত্যাশা করা যেমন স্বাভাবিক, ঠিক তেমনি রাষ্ট্রের আইন অনুযায়ী ন্যায্য সুযোগ-সুবিধা পাওয়াটাও তাঁর মৌলিক অধিকার।

দেশের প্রচলিত আইন অনুযায়ী, শ্রমিকের অধিকার সুরক্ষায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা রয়েছে। যেমন-বাংলাদেশ শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা (১০০ ও ১০২) অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক শ্রমিকের দৈনিক কর্মঘণ্টা ৮ ঘণ্টা এবং ওভারটাইমসহ তা কোনোভাবেই ১০ ঘণ্টার বেশি হতে পারবে না। একইভাবে সাপ্তাহিক কর্মঘণ্টা হবে ৪৮ ঘণ্টা, যা বিশেষ পরিস্থিতিতে ওভারটাইমসহ সর্বোচ্চ ৬০ ঘণ্টা হতে পারে। এমনকি আইন অনুযায়ী (ধারা ১০৮), নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করালে শ্রমিককে তাঁর স্বাভাবিক মজুরির দ্বিগুণ হারে ওভারটাইম বা পারিশ্রমিক প্রদান করতে হবে। শ্রমিকের ন্যায্য প্রতিদান নিশ্চিত করার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি সুরক্ষা।

কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যায়, অনেক প্রতিষ্ঠান দেশের প্রচলিত আইনকে তোয়াক্কা না করে নিজস্ব বিধিমালা তৈরি করে কর্মীদের ওপর অতিরিক্ত কর্মঘণ্টা চাপিয়ে দিচ্ছে। অথচ বাংলাদেশ শ্রম আইন স্পষ্ট বলে—কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিধিমালা বা সেবাশর্ত শ্রম আইনের চেয়ে কম সুবিধাজনক হলে বা শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে, সেই বিধান আইনের দৃষ্টিতে কার্যকর বলে গণ্য হওয়ার সুযোগ সীমিত থাকে এবং শ্রম আইনের বিধানই প্রাধান্য পায়।

আরও পড়ুন

দুর্ভাগ্যবশত, এই সুস্পষ্ট আইনি মনোভাব থাকা সত্ত্বেও কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত খাটুনি, যথাযথ ওভারটাইম না দেওয়া কিংবা অভ্যন্তরীণ মারপ্যাঁচে শ্রমিকের অধিকার খর্ব করার নীতি বজায় রেখেছে। ফলে জনগণের মনে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক—শ্রম আইন কি তবে কেবলই কাগজে-কলমে, এর বাস্তব প্রয়োগ কোথায়?

মনে রাখা প্রয়োজন, শুধু মজুরি কিংবা কর্মঘণ্টা নয়, কর্মক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি মুক্ত রাখা, নিরাপত্তা ও মানবিক পরিবেশ নিশ্চিত করাও আইনি বাধ্যবাধকতা। আধুনিক শ্রম ব্যবস্থায় এটি কোনো মালিকপক্ষের ‘দয়া বা সদিচ্ছা’র বিষয় নয়, বরং রাষ্ট্রীয় আইন প্রয়োগের একটি মৌলিক শর্ত।

পাশাপাশি, একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ধরে রাখার জন্য শ্রমিকের অভিজ্ঞতা ও নিষ্ঠার মানবিক স্বীকৃতি হিসেবে নিয়মিত ইনক্রিমেন্ট ও পদোন্নতি কর্মীদের উৎসাহ ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অনেক প্রতিষ্ঠানে এটি উত্তম মানবসম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে বিবেচিত হয়। এটি কেবল আর্থিক প্রণোদনা নয়, বরং কর্মীর প্রতি প্রতিষ্ঠানের সম্মানের প্রতিফলন। যথাসময়ে ন্যায্য ইনক্রিমেন্ট ও পদোন্নতি নিশ্চিত করা হলে কর্মীদের মনোবল বাড়ে, যা শেষ পর্যন্ত প্রতিষ্ঠানেরই উৎপাদনশীলতা বৃদ্ধি করে।

কার্ল মার্ক্স শ্রম ও পুঁজির দ্বন্দ্বকে ইতিহাসের এক মৌলিক বাস্তবতা হিসেবে দেখিয়েছেন। তবে আধুনিক কল্যাণমুখী অর্থনীতির লক্ষ্য হওয়া উচিত সেই দ্বন্দ্বকে সংঘাতে রূপ নিতে না দিয়ে সহযোগিতার আবহে রূপান্তর করা। কারণ, শ্রমিক ও মালিক কেউ কারও প্রতিপক্ষ নয়; বরং তারা একটি প্রতিষ্ঠানের উন্নয়নের পরস্পর নির্ভরশীল দুটি শক্তি। অতএব, শ্রম আইনের কার্যকর বাস্তবায়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পারস্পরিক সম্মান ও সংলাপভিত্তিক কর্মসংস্কৃতি গড়ে তোলাই হোক একটি টেকসই, মানবিক ও উৎপাদনমুখী অর্থনীতির প্রকৃত ভিত্তি।

লেখক: এলএলবি (অনার্স) চতুর্থ বর্ষ, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সন্ধিক্ষণ...
মহালয়া আসলে কোনো নির্দিষ্ট দিনের নাম নয়, মানুষের অস্তিত্বের ভেতরে বারবার ফিরে আসা এক সন্ধিক্ষণের নাম।
সন্ধিক্ষণ...
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কায় ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কায় আছেন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে পরাজয় ও নিয়ন্ত্রণ হারানোর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চার বছর মেয়াদী কার্যকালের দুই বছর পর ঠিক মাঝপথে অনুষ্ঠিত নির্বাচনকে বলা হয় মধ্যবর্তী নির্বাচন।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কায় ট্রাম্প
শিক্ষক থেকে পথপ্রদর্শক: যাদের কাছে ঋণী আমি
আজ মহান শিক্ষক দিবস। জীবনের এই বিশেষ দিনে সবার আগে গভীর কৃতজ্ঞতা জানাই আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক—আমার আম্মুকে। আমার জীবনের প্রতিটি ভালো অর্জনের পেছনে তার অবদান সবচেয়ে বেশি। তার ভালোবাসা, শাসন, ত্যাগ ও নিরন্তর অনুপ্রেরণাই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। এরপর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার স্কুলজীবনের প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষকদের—প্রধান শিক্ষক দীন ইসলাম স্যার, ফরিদা ইয়াসমিন (আমার চাচি), নিপা মেম, হেলানা মেম ও ফাতেমা মেমকে। তাদের সঠিক দিকনির্দেশনা ও স্নেহেই চতুর্থ শ্রেণিতে আমার জীবনের মোড় ঘুরতে শুরু করেছিল। তাদের শেখানো অনেক কথাই আজও আমার পথচলার অনুপ্রেরণা। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে যখন মাধ্যমিক জীবনে পা রাখলাম, তখন নতুন করে কিছু মানুষ আমার সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। তাদের স্নেহ, শাসন ও অনুপ্রেরণায় পেয়েছি নতুন পথের সন্ধান। তাদের মধ্যে প্রধান শিক্ষক রেহানা মেম, শিলা মেম, তানিয়া মেম, দোলা মেম, হুজুর স্যার ও রাসেল স্যার অন্যতম। তাদের প্রত্যেকের কাছ থেকেই পেয়েছি জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা, যা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না। এরপর এলো কলেজজীবন। জীবনের এই অধ্যায়েও কিছু মানুষ আমার স্বপ্নকে আরও বড় করে তুলেছেন। রাবেয়া মেম, দীপ্তি মেম, শামীম স্যার, দেলোয়ার স্যার ও আবুবকর স্যার—তাদের নাম আমি কখনোই ভুলতে পারব না। তারা আমাকে শুধু পড়াননি; বরং স্বপ্ন দেখতে শিখিয়েছেন, সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন এবং বিশ্বাস করিয়েছেন—‘আমি পারব।’ তাদের সঠিক দিকনির্দেশনা, উৎসাহ ও অনুপ্রেরণার ফলেই আজ আমি দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের একজন শিক্ষার্থী। একই সঙ্গে তাদের অনুপ্রেরণায়ই ঢাবিতে (কলা অনুষদের নরমাল সাবজেক্টে), রাবি ও চবিতে ভর্তির সুযোগ হয়েছিল। আমার জীবনের সেই সময়ে তাদের উৎসাহ ও বিশ্বাস আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। বর্তমানে আমার বিশ্ববিদ্যালয়জীবনের পথচলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকদের অবদানও আমি কখনো ভুলব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও শিক্ষার্থীদের প্রতি তাদের যে স্নেহ, আন্তরিকতা ও ভালোবাসা—তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের কাছ থেকে প্রতিনিয়ত শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং জীবনকে কীভাবে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে হয়, সেটিও শেখার সুযোগ পাচ্ছি। শিক্ষাজীবনের প্রাতিষ্ঠানিক শিক্ষকদের বাইরেও আমার জীবনে শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমার চাচাতো বড় বোন মিম আপুর। ছোটবেলা থেকেই তিনি আমাকে অনেক অঙ্ক অনুশীলন করিয়েছেন। তার সেই পরিশ্রম ও সময় দেওয়ার সুফল আমি আজও পাচ্ছি। অনেক সময় একজন শিক্ষক শ্রেণিকক্ষে থাকেন না, কিন্তু তার শেখানোটা সারাজীবন আমাদের সঙ্গে থেকে যায়—মিম আপু আমার জন্য তেমনই একজন। এর পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা আমার শেখার জগৎকে আরও বিস্তৃত করেছে। সাংবাদিকতা করার সুবাদে আরটিভির অনলাইন ইনচার্জ আজাদ ভাই এবং শিফট ইনচার্জ ইমতিয়াজ ভাইয়ের কাছ থেকেও প্রতিনিয়ত অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। সংবাদকে কীভাবে দেখতে হয়, তথ্য যাচাই, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং কাজের প্রতি আন্তরিকতা— এসব বিষয়ে তাদের কাছ থেকে পাওয়া শিক্ষা আমার ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা। আজ পেছনে ফিরে তাকালে বুঝতে পারি, আমার জীবনের প্রতিটি ধাপে কোনো না কোনো শিক্ষক আমার হাত ধরে সামনে এগিয়ে দিয়েছেন। কেউ শিখিয়েছেন কীভাবে ভালো মানুষ হতে হয়, কেউ শিখিয়েছেন কীভাবে কঠিন সময়ে হাল না ছেড়ে এগিয়ে যেতে হয়, আবার কেউ আমার ওপর বিশ্বাস রেখে আমাকে নিজের ওপর বিশ্বাস করতে শিখিয়েছেন। আজ আমি যে পরিচয়ে পরিচিত, তার পেছনে আমার বাবা-মায়ের পাশাপাশি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের দেওয়া শিক্ষা, শাসন, স্নেহ, ভালোবাসা ও অনুপ্রেরণা আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। আমার জীবনের পথচলায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষক হিসেবে ভূমিকা রেখেছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা। শিক্ষক শুধু একটি পেশার নাম নয়; একজন শিক্ষক একটি জীবন বদলে দিতে পারেন। আর জীবনের এই দীর্ঘ পথে কিছু মানুষ শিক্ষক না হয়েও আমাদের অনেক কিছু শিখিয়ে যান। তাই এই মহান দিবসে আমার শিক্ষকদেরসহ বিশ্বের সকল শিক্ষকের প্রতি জানাই কৃতজ্ঞতা। শুভ শিক্ষক দিবস। আবুবকর সম্পদ জবি সংবাদদাতা, আরটিভি আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি আরটিভি/এমএইচজে
শিক্ষক থেকে পথপ্রদর্শক: যাদের কাছে ঋণী আমি
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে দ্বিতীয় মতামত কেন গুরুত্বপূর্ণ?
বিদেশে যাওয়ার সিদ্ধান্ত একটি পরিবারের জন্য বড় সিদ্ধান্ত। এর সঙ্গে জড়িয়ে থাকে অর্থ, সময়, মানসিক চাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—চিকিৎসা নিয়ে প্রত্যাশা। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কাছে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়—দ্বিতীয় মতামত নেওয়া। দ্বিতীয় মতামত মানে প্রথম চিকিৎসককে অবিশ্বাস করা নয়। বরং গুরুত্বপূর্ণ কোনো চিকিৎসা সিদ্ধান্তের আগে আরেকজন যোগ্য বিশেষজ্ঞের মতামত জানা। এতে রোগী ও পরিবার রোগের অবস্থা, চিকিৎসার বিকল্প, সম্ভাব্য ঝুঁকি এবং দেশে বা বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে পারেন। আমাদের দেশে কোনো জটিল রোগ ধরা পড়লেই অনেক পরিবার প্রথমে বিদেশে যাওয়ার কথা ভাবেন। আবার কেউ পরিচিত কারও অভিজ্ঞতাকে নিজের চিকিৎসার সিদ্ধান্তের ভিত্তি করেন। কিন্তু একই রোগ হলেও প্রতিটি রোগীর অবস্থা, চিকিৎসার প্রয়োজন এবং ঝুঁকি এক নয়। তাই একজনের ভালো অভিজ্ঞতা অন্যজনের জন্য একই ফল নিশ্চিত করে না। আমার দৃষ্টিতে, বিদেশে যাওয়ার আগে প্রথম প্রশ্ন হওয়া উচিত—“আমার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া কি সত্যিই প্রয়োজন?” এর উত্তর পেতে কয়েকটি বিষয় জানা দরকার। রোগটি ঠিক কী? চিকিৎসার উদ্দেশ্য কী? দেশে এই চিকিৎসার উপযুক্ত সক্ষমতা আছে কি না? বিদেশে গেলে অতিরিক্ত কী সুবিধা পাওয়া যাবে? সম্ভাব্য খরচ কত? আর চিকিৎসার পরবর্তী পর্যায়ের চিকিৎসা ও পর্যবেক্ষণ কীভাবে হবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রোগীর চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্তে অংশগ্রহণ এবং চিকিৎসক ও রোগীর যৌথ সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরে। চিকিৎসার মান শুধু একটি নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতির ওপর নির্ভর করে না; নিরাপত্তা, রোগীকেন্দ্রিকতা, সময়োপযোগিতা এবং চিকিৎসার ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে জটিল বা দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। বিদেশে গিয়ে একটি চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসার পর পরবর্তী চিকিৎসা কোথায় হবে, প্রয়োজনীয় পরীক্ষা কোথায় হবে এবং চিকিৎসার তথ্য স্থানীয় চিকিৎসকের কাছে কীভাবে পৌঁছাবে—এসবও সিদ্ধান্তের অংশ হওয়া উচিত। কারণ চিকিৎসা একটি দিনের ঘটনা নয়; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে দ্বিতীয় মতামত নেওয়া মানেই চিকিৎসা পরিবর্তন করতে হবে—এমন নয়। অনেক সময় দ্বিতীয় বিশেষজ্ঞের মতামত প্রথম চিকিৎসা পরিকল্পনাকেই আরও পরিষ্কার করে। আবার কখনো নতুন কোনো বিকল্প সামনে আসতে পারে। মূল বিষয় হলো—রোগী যেন নিজের চিকিৎসা সম্পর্কে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া ভুল—এমন কথা বলা যেমন ঠিক নয়, তেমনি বিদেশে গেলেই ভালো চিকিৎসা পাওয়া যাবে—এমন ধারণাও সব ক্ষেত্রে সঠিক নয়। কিছু বিশেষায়িত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন হতে পারে। আবার অনেক চিকিৎসার জন্য দেশের মধ্যেই উপযুক্ত সক্ষমতা থাকতে পারে। তাই আমার কাছে বিদেশে চিকিৎসার প্রশ্নটি “দেশ না বিদেশ”—এভাবে দেখার চেয়ে “প্রয়োজনের জন্য সঠিক জায়গা কোথায়?”—এই প্রশ্নে দেখা বেশি গুরুত্বপূর্ণ। একটি ভালো স্বাস্থ্যব্যবস্থা রোগীকে কোনো একটি সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় না। বরং তাকে সঠিক তথ্য, প্রয়োজনীয় বিকল্প এবং যোগ্য চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ দেয়। শেষ পর্যন্ত রোগী বিদেশে যাবেন, নাকি দেশে চিকিৎসা নেবেন—সিদ্ধান্তটি তার। আমাদের দায়িত্ব হলো সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে যথেষ্ট তথ্য ও আস্থার সুযোগ দেওয়া। কারণ চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কখনো কখনো আরেকজন বিশেষজ্ঞের মতামত শুধু একটি অতিরিক্ত পরামর্শ নয়— এটি হতে পারে আরও সচেতন সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। লেখক: মোহাম্মদ সালাহ উদ্দিন মামুন হেড অব ডিজিটাল, ব্র্যান্ড অ্যান্ড পিআর এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। আরটিভি/ এসকেডি
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে দ্বিতীয় মতামত কেন গুরুত্বপূর্ণ?
আঞ্চলিক লজিস্টিকস ও শিল্পের হাব হতে পারে বাংলাদেশ: জেট্রো
ভৌগোলিক অবস্থান ও বিপুল জনসংখ্যার কারণে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে আঞ্চলিক লজিস্টিকস ও শিল্পের কেন্দ্রে (হাব) পরিণত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
আঞ্চলিক লজিস্টিকস ও শিল্পের হাব হতে পারে বাংলাদেশ: জেট্রো