
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আলোচনা এখন আর ‘এটা কী পারে’ প্রশ্নে আটকে নেই। ছবি, ভিডিও, কণ্ঠ, লেখা, প্রায় সবই এখন এআই টুলস দিয়ে অল্প সময়ে তৈরি করা যায়। এআই নিয়ে কাজ করতে গিয়ে, নানা গবেষণা, নীতিমালা আর আন্তর্জা তিক উদাহরণ পড়ে আমার কাছে সবচেয়ে জরুরি প্রশ্ন মনে হয়েছে অন্যটা: এআই টুলস যখন প্রায় সবকিছু তৈরি করতে পারে, তখন কী তৈরি হবে, কেন হবে আর কোথায় থামতে হবে, সেই সিদ্ধান্ত নেবে কে?
এআই আসলে কী বদলাচ্ছে
নিজের কাজের জন্য পড়াশোনা করতে গিয়ে ‘প্রেডিকশন মেশিনস’ নামের একটি বইয়ে এআই-এর একটা সহজ ব্যাখ্যা পেয়েছি [১]। এআই মূলত অনুমানের প্রযুক্তি। বাক্যের পরের শব্দ কী হবে, ছবির পরের অংশ দেখতে কেমন হবে, কোন দর্শক কী পছন্দ করবেন, সবই এক ধরনের অনুমান। এআই এই অনুমান খুব দ্রুত আর কম খরচে করে দিচ্ছে।
একটা চেনা উদাহরণ দিলে বিষয়টা বোঝা সহজ। মোবাইল ফোনে ক্যামেরা আসার পর ছবি তোলা প্রায় খরচহীন হয়ে গেছে। আমরা প্রতিদিন অসংখ্য ছবি তুলি। কিন্তু ছবি যত বেড়েছে, যে ছবি একটা গল্প বলে, তার কদর কমেনি, বরং বেড়েছে। কোন মুহূর্তটা ধরতে হবে, কোন ছবিটা রাখতে হবে আর কোনটা বাদ দিতে হবে, এই বাছাই করার চোখটাই এখন আসল দক্ষতা। এআই-এর বেলাতেও তাই।
এআই টুলস যত সহজে ছবি, লেখা আর ভিডিও তৈরি করবে, তার মধ্যে কোনটা কাজের, কোনটা ভুল, কোনটা অনৈতিক, তা বিচার করার দায়িত্ব তত বাড়বে। সেই বিচারবোধ মানুষের। আমার কাছে পুরো আলোচনার মূল এখানেই: কনটেন্ট তৈরি যত সহজ হবে, সঠিক দিকনির্দেশনার মূল্য তত বাড়বে।
নির্ভরতা কেন বাড়বে: সময়, বাজেট ও সুযোগ
প্রথম কারণ সময় আর খরচ। ২০২৫ সালের জুলাইয়ে নেটফ্লিক্সের কো-সিইও টেড সারান্ডোস জানান, আর্জেন্টিনার সিরিজ ‘এল এতেরনাউতা’-তে একটি ভবন ধসের দৃশ্য জেনারেটিভ এআই দিয়ে প্রচলিত পদ্ধতির চেয়ে দশ গুণ দ্রুত তৈরি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই বাজেটের সিরিজে এআই ছাড়া এমন দৃশ্য করা সম্ভব হতো না। তবে তিনি এটাও মনে করিয়ে দেন, কাজটা আসল মানুষেরই, শুধু টুলস আরও ভালো হয়েছে [২]।
দ্বিতীয় কারণ সুযোগের বিস্তার। প্রচলিত পদ্ধতিতে একটি বিজ্ঞাপন বা প্রামাণ্যচিত্র বানাতে পুরো একটি প্রোডাকশন টিম লাগে: পরিচালক, ক্যামেরাম্যান ও সহকারী, লাইট আর সাউন্ডের টিম, সেট ডিজাইনার, অভিনয়শিল্পী, মেকআপ আর্টিস্ট, সঙ্গে লোকেশন, যাতায়াত আর শুটিংয়ের প্রতিটি দিনের খরচ, তারপর এডিটিং আর ভিজ্যুয়াল ইফেক্টস।
এখন দৃশ্য, কণ্ঠ আর আবহসংগীত তৈরির বড় একটি অংশ এআই টুলস দিয়ে ছোট একটি টিমও করতে পারছে। বাংলাদেশে অনেক ব্যবসা আর সংস্থার পক্ষে পুরো একটি প্রোডাকশন টিমের খরচ বহন করা কঠিন, তাই এখানে এই পরিবর্তন একটি বড় সুযোগ তৈরি করছে। একটি ছোট ব্যবসা, একটি স্থানীয় উদ্যোগ কিংবা সচেতনতা নিয়ে কাজ করা একটি সংস্থা এখন কম খরচে মানসম্পন্ন ভিজ্যু য়াল গল্প বলতে পারে। তবে টিম ছোট হলেও গল্প, গবেষণা, পরিচালনা আর সম্পাদনার দায়িত্ব একটুও কমে না।
ব্র্যান্ড স্টোরিতে এআই: দৃশ্য তৈরি সহজ, আস্থা অর্জন কঠিন
আমার কাজের বড় অংশ ব্র্যান্ডের গল্প তৈরি করা: বিজ্ঞাপন, কমার্শিয়াল, ব্র্যান্ড স্টোরি। এখানে এআই সত্যিই কাজের ধরন বদলে দিয়েছে। আইডিয়া থেকে ভিজ্যু য়াল খসড়া, একাধিক সংস্করণ যাচাই, ভিন্ন দর্শকের জন্য ভিন্ন রূপ, সবই এখন দ্রুত হয়। কিন্তু ব্র্যান্ডের আসল সম্পদ দৃশ্য নয়, আস্থা। বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেনআইকিউ ২০২৪ সালের ডিসেম্বরে দুই হাজারের বেশি মানুষকে নিয়ে একটি গবেষণা প্রকাশ করে, যেখানে প্রায় দেড়শ জনের মস্তিষ্কের প্রতিক্রিয়াও মাপা হয় [৩]।
দেখা গেছে, দর্শক বেশির ভাগ এআই-বিজ্ঞাপন সহজাতভাবেই চিনে ফেলেছেন এবং সেগুলোকে প্রচলিত বিজ্ঞাপনের চেয়ে কম আকর্ষণীয় মনে করেছেন। ভালো মানের এআই-বিজ্ঞাপনও স্মৃতিতে তুলনামূলক কম দাগ কেটেছে। অর্থাৎ ঝকঝকে দৃশ্য তৈরি করা আর সমস্যা নয়। আসল প্রশ্ন হলো, গল্পটা মনে থাকছে কি না, মানুষকে ছুঁতে পারছে কি না। প্রোডাকশনের বড় অংশ এআই টুলস দিয়ে করা যায়, কিন্তু গল্পের আবেগ, কৌশল আর বার্তা ঠিক করতে হয় মানুষকেই।
চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র: সম্ভাবনা আর দায়িত্ব একসঙ্গে
প্রামাণ্যচিত্রে এআই একটি নতুন পথ খুলেছে। যে ঘটনার কোনো ফুটেজ নেই, কিংবা যেখানে ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা জরুরি, সেখানে এআই দিয়ে দৃশ্য পুনর্নির্মা ণ করা যায়। কিন্তু যে দৃশ্য বাস্তবের মতো দেখায়, দর্শক সেটাকে সত্য বলেই ধরে নিতে পারেন। তাই এখানে প্রশ্নটা প্রযুক্তির নয়, নিয়ন্ত্রণ আর স্বচ্ছতার।
এই নীতিগুলো নিজের কাজে প্রথম প্রয়োগ করেছি যৌতুক-সহিংসতা নিয়ে আমার প্রামাণ্যচিত্র (‘HER PRICE | তার দাম’) এ। দৃশ্য ও কণ্ঠ এআই-জেনারেটেড, কিন্তু গল্প, চিত্রনাট্য, সম্পাদনা আর তথ্য যাচাই মানুষের। প্রতিটি তথ্যের সূত্র আগে ঠিক করেছি, ছবির শুরুতেই এআই-ব্যবহারের ঘোষণা দিয়েছি, কোনো আসল মানুষের মুখ বা নাম ব্যবহার করিনি। মৃত্যু র দৃশ্যও দেখাইনি। এআই সবকিছু দেখাতে পারে। কোথায় থামতে হবে, সেই সিদ্ধান্তটা মানুষের।
আন্তর্জাতিক নীতি: বিশ্ব কী নিয়ম করছে
২০২১ সালের নভেম্বরে ইউনেস্কোর ১৯৩টি সদস্যরাষ্ট্র এআই নৈতিকতা নিয়ে প্রথম বৈশ্বিক সুপারিশ গ্রহণ করে, যার কেন্দ্রে মানবাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহি [৪]। ইউরোপীয় ইউনিয়নের এআই আইনের ৫০ নম্বর অনুচ্ছেদ ২০২৬ সালের ২ আগস্ট থেকে কার্যকর। এআই দিয়ে তৈরি বা বদলানো বাস্তবসদৃশ ছবি-ভিডিও দর্শক প্রথমবার দেখার সময়েই জানাতে হবে যে এটি কৃত্রিম।
শিল্পকর্ম বা কাল্পনিক কাজে ঘোষণা হালকা হতে পারে, কিন্তু বাদ দেওয়া যায় না [৫]। ইন্ডাস্ট্রিও নিজের নিয়ম বানাচ্ছে। ২০২৫ সালের আগস্টে নেটফ্লিক্স প্রযোজকদের জন্য নির্দেশিকা দিয়েছে: সম্মতি ছাড়া কোনো শিল্পীর অভিনয় এআই দিয়ে তৈরি বা প্রতিস্থাপন করা যাবে না, কপিরাইটযুক্ত কাজ নকল করা যাবে না [৬]। বাংলাদেশেও জাতীয় এআই নীতিমালা ২০২৬–২০৩০-এর খসড়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও মানুষের তত্ত্বাবধান গুরুত্ব পেয়েছে [৭]।
তত্ত্ব থেকে অনুশীলন: চারটি নিয়ম
১. এআই একটি টুল, সিদ্ধান্তদাতা নয়। লক্ষ্য, মূল্যবোধ আর চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে মানুষের হাতে।
২. আগে যাচাই, পরে প্রকাশ। এআই ভুল তথ্যও আত্মবিশ্বাসের সঙ্গে বলে, তাই প্রতিটি তথ্য, সংখ্যা ও উদ্ধৃতি
নির্ভরযোগ্য সূত্রে মিলিয়ে নিতে হবে।
৩. স্বচ্ছতা। কোথায় এআই ব্যবহার হয়েছে, দর্শক-পাঠককে জানাতে হবে। এতে আস্থা কমে না, বাড়ে।
৪. সম্মতি ও মর্যাদা। কারও মুখ, কণ্ঠ বা ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া ব্যবহার নয়।
সামনে কী
এআই আরও শক্তিশালী হবে, আরও বাস্তবসদৃশ হবে। আসল আর কৃত্রিমের পার্থক্য চোখে ধরা কঠিন হবে। তখন বিশ্বাসযোগ্যতাই হবে সবচেয়ে বড় মূলধন, ব্র্যান্ডের, গণমাধ্যমের, নির্মা তার। আমাদের ভাষা, আমাদের গল্প, আমাদের সমস্যা আমরাই সবচেয়ে ভালো জানি, তাই বাংলাদেশের সুযোগও বড়। সেই সুযোগ কাজে লাগাতে প্রতিষ্ঠান ও গণমাধ্যমের নিজস্ব লিখিত এআই নীতি দরকার, দক্ষতার প্রশিক্ষণ দরকার, আর জাতীয় নীতিমালার দ্রুত বাস্তবায়ন দরকার।
আমরা এখনো এআইকে বুঝছি, শিখছি। তবে একটা বিষয় এরই মধ্যে পরিষ্কার। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের হাতে শক্তিশালী টুলস তুলে দিয়েছে। কিন্তু কী তৈরি করব, কেন করব আর কোথায় থামব, এই তিনটি সিদ্ধান্ত কোনো টুলের হাতে ছেড়ে দেওয়া যায় না।
লেখক: সামিনা আক্তার
উদ্যোক্তা, এআই ফিল্মমেকার ও ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট; মুগলি ডিজিটালের সহ-প্রতিষ্ঠাতা
আরটিভি/ এসআর


-1795073789-416614_1795073795.jpg)

