
চীন থেকে বাতাসের সাথে আসা হলুদ ধূলিকণা নিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে সবাই ঘরে অবস্থান করার নির্দেশনা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির শংকা, এর মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর ভয় আছে। আর দেশটির নাগরিকদের প্রতি এমন নির্দেশনার পর রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তাঘাট দৃশ্যত ফাঁকা হয়ে গেছে। খবর বিবিসির।
করোনাভাইরাস শুরুর পর থেকে উত্তর কোরিয়া ভাইরাসটি নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। তবে এ ধূলিকণার সাথে করোনাভাইরাস ছড়ানোর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
গেলো বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেসিটিভি হলুদ ধূলিকণা নিয়ে সতর্কবার্তা প্রচার করে। সেই সাথে দেশটির নাগরিকদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেয়।
ইয়োলো ডাস্ট বা হলুদ ধূলিকণা মূলত মঙ্গোলিয়া এবং চীনের মরুভূমি থেকে উড়ে আসে। বছরের একটি নির্ধারিত সময়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার উপর দিয়ে বয়ে যায়। এটি বিষাক্ত আবর্জনার সাথে মিলে স্বাস্থ্যঝুঁকি তৈরি করে বলেও সাম্প্রতিক গবেষণায় দেখা যায়।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিস কন্ট্রোল বলছে, করোনাভাইরাস বাতাসে সর্বোচ্চ চারঘণ্টা বেঁচে থাকতে পারে। তবে হলুদ ধূলিকণার সাথে করোনা ছড়ানোর কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণ কোরিয়াও এ প্রক্রিয়ায় করোনা ছড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তবুও সর্বোচ্চ সতর্কতায় আছে উত্তর কোরিয়া। বিশ্লেষকরা বলছেন, দেশটির করোনা মোকাবেলার কোনো অভিজ্ঞতা না থাকায় এ ধরনের শংকার মধ্যে রয়েছে।
এমএস/পি




