
পর্নগ্রাফি, পতিতাবৃত্তি, জুয়া ও সহিংসতার সঙ্গে সম্পর্কিত কন্টেন্ট সরিয়ে ফেলার অংশ হিসেবে নিজেদের অ্যাপ স্টোর থেকে ১০৫টি অ্যাপ নিষিদ্ধ করেছে চীন। নিষিদ্ধ হওয়া অধিকাংশ অ্যাপই চীনের। তবে ওই তালিকায় যুক্তরাষ্ট্রের ট্রিপঅ্যাডভাইজারও রয়েছে। খবর বিবিসির।
চীনের সাইবারস্পেস প্রশাসন জানিয়েছে, তাদের সাইবার আইনের তিনটির মধ্যে একটি আইন লঙ্ঘন করেছে সবগুলো অ্যাপই। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের আরেকটি আদালত চীনের জনপ্রিয় ভিডিওশেয়ারিং অ্যাপ টিকটকের পক্ষে রায় দেওয়ার পর অ্যাপগুলো নিষিদ্ধ করলো বেইজিং।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলাস বলেছেন, নিরাপত্তার যুক্তি দেখিয়ে টিকটক নিষিদ্ধ করার চেষ্টার মাধ্যমে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিকোলাস হলেন দ্বিতীয় বিচারক যিনি টিকটকের পক্ষে রায় দিলেন।
বেইজিংয়ের সবশেষ এই পদক্ষেপের আওতায় বন্ধ হওয়া বেশির ভাগ অ্যাপই চীনের। কর্তৃপক্ষ বলছে, জনগণের জন্য ‘আগ্রাসী মনে হওয়ায়’ ওইসব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। তবে ঠিক কি কারণে ট্রিপঅ্যাডভাইজারকে নিষিদ্ধ করা হয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে জানতে চীনের ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তবে এখনও কোনও জবাব দেয়নি প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাইবার স্পেসে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তার ঝাঁজ গিয়ে পড়েছে টিকটকের ওপর।
এ/পি




