
চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগলে টানা ১৫ দিন যাতে লড়াই চালানো যায় সেই প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদসহ যাবতীয় সমরাস্ত্রের ভাণ্ডার আরও মজবুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার এমন খবর প্রকাশ করেছে।
সূত্রটি জানিয়েছে, বাহিনীকে আরও শক্তিশালী করতে দেশীয় এবং বিদেশি সূত্র থেকে যাতে প্রচুর সমরাস্ত্র পাওয়া যায় এজন্য ৫০ হাজার কোটি রুপি ব্যয় করা হতে পারে। সমরাস্ত্রের সম্ভার বাড়ানোর জন্য আগেই বাহিনীকে সবুজ সংকেত দেয়া হয়েছিল। যেভাবে সীমান্তে উত্তেজনা বাড়ছে, তাতে সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখেই অস্ত্র সম্ভার বাড়ানোর কাজ শুরু হয়ে গেছে।
ভারতীয় বাহিনীর কাছে টানা ৪০ দিন লড়াই করার মতো অস্ত্র এবং গোলাবারুদ মজুত ছিল বলেও দাবিও করে সূত্রটি। সেটা কমতে কমতে ১০ দিন যুদ্ধ সামাল দেয়ার মতো অবস্থায় এসে দাঁড়ায়। তাছাড়া যুদ্ধের ধরন পরিবর্তন হয়েছে, অস্ত্রের জোগানে টান পড়ায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলেও দাবি করেছে সূত্রটি।
জম্মু ও কাশ্মীরের উরিতে হামলার পরই দেখা যায় যে ভারতের অস্ত্র সম্ভারে বিশাল ঘাটতি রয়েছে। এমতাবস্থায় তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর তিন বাহিনীর অস্ত্র সম্ভারকে বাড়াতে আরও অর্থ বরাদ্দ করেন। অস্ত্র কেনার জন্য তিন বাহিনীকে বিশেষ ক্ষমতা দেয়া হয়। তারপর থেকেই অস্ত্র সম্ভার বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করে দেয় বাহিনী।
কয়েক মাস ধরেই চীনের সঙ্গে সীমান্ত নিয়ে টানাপড়েন চলছে ভারতের। এমতাবস্থায় উত্তপ্ত আবহ যদি কোনোভাবে যুদ্ধের দিকে মোড় নেয়, তাহলে তা প্রতিরোধ করা এবং সমুচিত জবাব দেয়ার জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই অস্ত্র সম্ভারকে আরও মজবুত করার এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তারা।
এ




