
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী এ কে এম সালাহউদ্দিন টিপু। তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে তিনবার তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।
বুধবার (২৯ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল থেকে জানা যায় এ তথ্য। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়।
জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১৯২ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে টিপু পেয়েছেন ৬৯ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব ঘোড়া প্রতীকে পেয়েছেন মাত্র ৬ হাজার ৩৯৭ ভোট। এ হিসেবে সালাহ উদ্দিন টিপুর ভোটের ব্যবধান ৬৩ হাজার ৩০৭ ভোট।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ইউছুফ পাটওয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক নিয়ে মো. হাফিজ উল্যাহ পেয়েছেন ৩১ হাজার ১৫৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৪১ হাজার ৭৬৮ ভোটে ফরিদা ইয়াসমিন লিকা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ২০১৪ সালে মহিলা ভাইস চেয়ারম্যান ও পরবর্তীতে জেলা পরিষদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্বও পালন করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী খালেদা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭১৫ ভোট। তিনি বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ দিকে এ উপজেলায় চেয়ারম্যান পদে একজন ছাড়া আর কোনো হেভিওয়েট প্রার্থী না থাকায় ভোট নিয়ে সাধারন ভোটারদের মাঝে উৎসাহ আমেজ পরিলক্ষিত হয়নি। তাই ভোটের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অলস সময় কাটাতে দেখা গেছে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলায় টানা তিনবার বিপুল ভোটে জয়ী হয়েছেন সালাহ উদ্দিন টিপু। এর মধ্যে ২০১৪ সালে আওয়ামী লীগ মনোনীত এবং ২০১৮ সালে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন টিপু।




