
ভারতের উত্তর প্রদেশের কানপুরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিবাহবিচ্ছেদের মামলা চলমান অবস্থায় স্বামীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহত স্বামী অমিত সোনকার পেশায় সবজি বিক্রেতা। তিনি অভিযোগ করে বলেন, আট বছর আগে প্রেম থেকে তাদের বিয়ে হয়েছিল। প্রথম দিকে সম্পর্ক ভালো থাকলেও বর্তমানে প্রায়ই দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ায় এবং বিবাহবিচ্ছেদের মামলা চলছিল।
অমিতের অভিযোগ, ঘটনার দিন স্ত্রী সারিকা প্রথমে ঝগড়া শুরু করেন। তিনি ঘুমিয়ে ছিলেন, কিন্তু পরে বাঁচতে খাটে উঠলেও শেষ রক্ষা হয়নি। স্ত্রী তাকে জাপটে ধরে কান কামড়ে ছিঁড়ে নেন। ব্যান্ডেজ করা অবস্থায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং জানিয়েছেন, আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না।
অন্যদিকে, স্ত্রী সারিকাও পাল্টা অভিযোগ করেছেন যে, স্বামী তাকে নির্যাতন করতেন।
স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা আগেই চলছিল। সেই বিরোধ থেকেই শারীরিক সংঘর্ষের সূত্রপাত হয়েছে। সারিকার অভিযোগের ভিত্তিতে অমিতের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন। এই ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আরটিভি/এসকে




