
এক সাধারণ রাস্তার পাথরকে সৃজনশীলতার জাদুতে পরিণত করে ঘড়িতে রূপান্তর করল এক কিশোর। দিল্লির জনবহুল কনট প্লেস এলাকায় নিজ হাতে তৈরি এই ঘড়িটি বিক্রি করে ৫ হাজার টাকা আয় করল সে। তার এই সৃষ্টিশীল কাজের ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ভিডিওতে দেখা যায়, কিশোর প্রথমে রাস্তার ধারে পড়ে থাকা একটি পাথর তুলে কাটাচ্ছে, পালিশ করছে এবং রং করছে। এরপর পাথরের মধ্যে একটি বর্গাকার অংশ কেটে, ঘড়ির যন্ত্র বসানোর জন্য গর্ত তৈরি করে। রং শুকানোর পরে পালিশ করা পাথরটি দেখতে জ্বলজ্বল করছে এবং শেষ পর্যন্ত ঘড়ির যন্ত্র বসানো হয়। প্রথমবারে ঘড়িটি যখন কনট প্লেসে নিয়ে যায়, তখন অনেকেই এতে আগ্রহ দেখালেও কেউ দাম দিতে রাজি হয়নি। পরে ঘড়িটির ফাঁকা অংশ ঢেকে আরও দৃষ্টিনন্দন করে তোলার পর ঘড়িটি ৫ হাজার টাকায় বিক্রি করতে সক্ষম হয় কিশোরটি।
ঘড়িটি তৈরিতে খরচ হয়েছিল মাত্র ৪৬০ টাকা, যা বিক্রি করে কিশোর লাভ করল ৪ হাজার ৫৪০ টাকা। ভিডিওটি ‘ডিলাক্সভাইয়াজি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে সাড়ে ছয় লাখেরও বেশি দর্শক এবং ৫২ লক্ষের বেশি লাইক পায়।
নেটিজেনরা কিশোরের সৃজনশীলতাকে উচ্চমূল্যে মূল্যায়নের জন্য ক্রেতাকেও অভিনন্দন জানিয়েছে। অনেকে এই ধরনের কাজকে উৎসাহিত করার কথাও বলেছেন। এটি প্রমাণ করে, সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাব থাকলে সাধারণ কোনো বস্তু থেকেও বিশাল অর্থ উপার্জন সম্ভব।
আরটিভি/এসকে




