প্রেমিকের স্ত্রী চলে আসায় ১০ তলা থেকে ঝুলে পড়লেন নারী,অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৯:১২ পিএম


প্রেমিকের স্ত্রী চলে আসায় ১০ তলা থেকে ঝুলে পড়লেন নারী,অতঃপর...
ছবি: সংগৃহীত

১০ তলার বারান্দা থেকে ঝুলে আছেন এক নারী। পরের দৃশ্যেই বিল্ডিংয়ের পাইপ বেয়ে এক তলা নিচে নেমে আসতে দেখা যায় তাকে। এমন একটি ভিডিও দেখে অনেকেরই মনে হতে পারে, হলিউডের থ্রিলারধর্মী কোনো সিনেমা দেখছেন। এ যেন ‘মিশন ইমপসিবল’ সিনেমার টিম ক্রুজের নারী সংস্করণ! 

বিজ্ঞাপন

চোখ কপালে তোলার মতো এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে চীনের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু ভাইরাল-ই হয়নি, ব্যাপক আলোচনা-সমালোচনারও জন্ম দিয়েছে ভিডিওটি। নেটিজেনরা রীতিমতো বিভক্ত হয়ে পড়েছেন এই ভিডিওটিকে কেন্দ্র করে।

এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট।

বিজ্ঞাপন

জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী। প্রেমিক যুগলের এই সুখময় মুহূর্তে ব্যাঘাত ঘটাতেই যেন অসময়ে আগমন ঘটে প্রেমিকের স্ত্রীর। ব্যস! স্ত্রীর হাত থেকে প্রেমিকাকে লুকাতে মরিয়া হয়ে উঠেন প্রেমিক পুরুষটি। তড়িঘড়ি করে প্রেমিকাকে বারান্দায় (ব্যালকনি) পাঠিয়ে দেওয়ার তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তে উপনীত হন তিনি। কিন্তু অকুস্থলে ঠিক নিরাপদবোধ করলেন না নারী। আর তাই ‘যায় যদি যাক প্রাণ’ বলে মুহূর্তেই ঝুলে পড়লেন ১০ তলার বারান্দার রেলিং ধরে!

অবশ্য নিরাপদ আশ্রয়ের খোঁজে শুধু ঝুলে থেকেই ক্ষান্ত হননি অসীম-সাহসী, চৌকষ এই নারী। জানালার ধার ব্যবহার করে কিছুটা দূরে সরে এসে নাগাল পান চিকন একটি পাইপের। ডুবতে থাকা ব্যক্তি যেমন খড়কুটোকেও আঁকড়ে ধরে, পাইপটিকেও তেমনি করেই জড়িয়ে ধরেন নারী। নিচে মৃত্যু তখন হাতছানি দিয়ে ডাকছে।

বিজ্ঞাপন

এদিকে, ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী হতে যাওয়ার সম্ভাবনায় রীতিমতো আতঙ্কিত আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দা এবং পথচারীরা। তাদের তখন ‘আত্মারাম খাঁচাছাড়া’ হওয়ার অবস্থা। কিন্তু সকল ভয়, আতঙ্ককে তুচ্ছ করে দিয়ে চিকন এই পাইপটির সাহায্যেই এক ফ্লোর নিচে নেমে আসেন এই নারী; পৌঁছে যান নবম তলার একটি ফ্ল্যাটের জানালার কাছে। এই পর্যায়ে তিনি পেয়ে যান সাহায্যের হাত। নবম তলার ফ্ল্যাটের বাসিন্দা জানালা খুলে এই নারীকে টেনে ভেতরে নিয়ে যান। অবশেষে তিনি পেয়ে যান বহুল-প্রতীক্ষিত নিরাপদ আশ্রয়। কিন্তু ততক্ষণে এই নারীর সিনেমাসুলভ সাহসিকতার কাহিনী ভিডিও আকারে ধারণ করে ফেলেছেন আশেপাশের বাসিন্দা ও পথচারীরা। পরবর্তীতে এই ভিডিও-ই সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে ভাইরাল।

চীনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই পরকীয়ায় জড়িত এই নারীর পলায়নের ঘটনাটিকে বিপজ্জনক এবং লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন। তাদের অনেকেই প্রেমিক পুরুষটিকে ‘কাপুরুষ’ বলতেও দ্বিধা করেননি। কেউ কেউ আবার তার প্রেমিকার সাহসিকতা দেখেও স্তম্ভিত হয়েছেন। অনেকে আবার তিনি নিরাপদে আছেন জেনে স্বস্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

তবে অধিকাংশ ব্যবহারকারী কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়া এত উঁচু একটি ভবনের বাইরে দিয়ে নেমে আসার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তারা বলেছেন যে, একটি ভুল পদক্ষেপই ‘মৃত্যুকে আমন্ত্রণ’ জানানোর জন্য যথেষ্ট ছিল।

তাদেরই একজন লিখেছেন, নিজের জীবনকে এমন ঝুঁকিতে ফেলার জন্য কোনো পুরুষই যোগ্য নয়! 

আরেকজন মন্তব্য করেছেন, এই ভিডিওটি দেখার পর কি স্ত্রী জানতে পারবেন না? পরকীয়া খারাপ, বন্ধুরা।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission