ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে রেকর্ড দামে সোনা ও রুপা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির সাম্প্রতিক তথ্য ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশা জোরালো করায় বিশ্ববাজারে সোনা ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর চাহিদাও বেড়েছে। খবর রয়টার্স।

মঙ্গলবার স্পট মার্কেটে সোনার দাম একপর্যায়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৩৪ দশমিক ৩৩ ডলারে উঠে নতুন রেকর্ড গড়ে। পরে ইস্টার্ন টাইম অনুযায়ী দুপুরে দাম কিছুটা কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৯১ দশমিক ৪৯ ডলারে স্থির হয়। অন্যদিকে ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৯ দশমিক ১০ ডলারে লেনদেন শেষ করে।

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কোর কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) মাসওয়ারি ০ দশমিক ২ শতাংশ এবং বছরওয়ারি ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা বাজারের পূর্বাভাসের তুলনায় কম। এই তথ্য প্রকাশের পর চলতি বছরে ফেডারেল রিজার্ভের সুদহার কমার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

হাই রিজ ফিউচার্সের ধাতু ট্রেডিং পরিচালক ডেভিড মেগার বলেন, তুলনামূলকভাবে স্বস্তিদায়ক সিপিআই তথ্য বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে ফেডের সুদহার কমানোর প্রত্যাশা বাড়িয়েছে।

যদিও জানুয়ারির বৈঠকে ফেড সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে, তবে বিনিয়োগকারীরা চলতি বছরে অন্তত দুই দফা সুদহার কমার আশা করছেন। সাধারণত সুদহার কমলে সুদ না দেওয়া সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বৃদ্ধি পায়।

এদিকে ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগও স্বর্ণবাজারে প্রভাব ফেলছে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় সাবেক কেন্দ্রীয় ব্যাংক প্রধানদের সমালোচনা সামনে এসেছে। পাশাপাশি ইরানকে ঘিরে নতুন শুল্ক আরোপের হুমকি এবং ইউক্রেন যুদ্ধের চলমান উত্তেজনা নিরাপদ বিনিয়োগের চাহিদা আরও বাড়িয়েছে।

আরও পড়ুন

কমার্জব্যাংক ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের মূল্য পূর্বাভাস বাড়িয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০০ ডলার করেছে। বাজারের অস্থিরতা মোকাবিলায় সিএমই গ্রুপ মূল্যবান ধাতুর মার্জিন নির্ধারণেও পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৬ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে, যা একপর্যায়ে ৮৯ দশমিক ১০ ডলারের সর্বোচ্চ স্তরে পৌঁছায়। প্লাটিনামের দাম অপরিবর্তিত থাকলেও প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
ষষ্ঠ প্রজন্মের এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই চালকবিহীন যুদ্ধবিমান বা ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) যুক্ত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর মাধ্যমে বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করে ড্রোন পরিচালনার পরিকল্পনা করছে দেশটি। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি সিনেটের এক শুনানিতে এ পরিকল্পনার কথা জানান। সিসিএ প্রযুক্তির এসব চালকবিহীন যুদ্ধবিমান তুলনামূলক কম খরচে তৈরি করা হবে। প্রয়োজনে যুদ্ধে এগুলো হারানোর ঝুঁকি বিবেচনায় রেখেই নকশা করা হচ্ছে। বিমানবাহী রণতরির যুদ্ধক্ষমতা বাড়ানো, অভিযানের পরিধি বিস্তৃত করা এবং চালকসহ যুদ্ধবিমানের পাশাপাশি বিভিন্ন সামরিক দায়িত্ব পালনে সহায়তা করবে এসব উড়োজাহাজ। বর্তমানে পশ্চিমা বিশ্বে উন্নয়নাধীন দুটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের একটি হলো মার্কিন নৌবাহিনীর এফ/এ-এক্সএক্স। অন্যটি মার্কিন বিমানবাহিনীর এফ-৪৭। এফ/এ-এক্সএক্স এমনভাবে তৈরি করার পরিকল্পনা রয়েছে, যাতে এটি একাধিক চালকবিহীন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারে। ২০২৫ সালে ভবিষ্যতের বিমানবাহী রণতরিতে ব্যবহারের উপযোগী চালকবিহীন যুদ্ধবিমানের নকশা তৈরির কাজ শুরু করতে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে যুক্ত করে মার্কিন নৌবাহিনী। একই সঙ্গে এসব ড্রোন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। এদিকে, বিমানবাহী রণতরিতে ব্যবহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রথম স্থির-পাখার চালকবিহীন উড়োজাহাজ হলো এমকিউ-২৫ স্টিংরে। তবে এটি মূলত আকাশে জ্বালানি সরবরাহের জন্য তৈরি। ফলে যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে তৈরি সিসিএ প্রযুক্তির সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। চালকবিহীন উড়োজাহাজ পরিচালনায় নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কোরের মধ্যে প্রযুক্তিগত সামঞ্জস্য তৈরির উদ্যোগও নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে একটি বাহিনীর চালকসহ যুদ্ধবিমান অন্য বাহিনীর চালকবিহীন যুদ্ধবিমানও নিয়ন্ত্রণ করতে পারবে। অন্যদিকে, গত সেপ্টেম্বরে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় জয়ী হয় বোয়িং। এর আগে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়ে উদ্বেগ এবং বিমানবাহিনীর এফ-৪৭ প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতার কারণে কর্মসূচিটির কাজ স্থগিত রাখা হয়েছিল। পরে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপে প্রকল্পটি আবার এগিয়ে নেওয়া হয়। তবে এর বাস্তবায়নের সময়সূচি ও উৎপাদন সক্ষমতা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের আশা, ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমানটি কার্যক্রমে যুক্ত করা সম্ভব হবে। তবে অতীতে মার্কিন প্রতিরক্ষা খাতের বিভিন্ন বড় প্রকল্পে দীর্ঘসূত্রতার নজির থাকায় নির্ধারিত সময়ে এটি বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। এদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে চীন তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করার পর যুক্তরাষ্ট্রের এফ/এ-এক্সএক্স ও এফ-৪৭ কর্মসূচির গুরুত্ব আরও বেড়েছে। চীন ইতোমধ্যে এ ধরনের যুদ্ধবিমানের উড্ডয়ন পরীক্ষা শুরু করলেও যুক্তরাষ্ট্রের দুটি প্রকল্পের কোনোটিই এখনও প্রোটোটাইপের পরীক্ষামূলক উড্ডয়ন পর্যায়ে পৌঁছায়নি। এ অবস্থায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পাশাপাশি চালকবিহীন যুদ্ধবিমানকে বহরে যুক্ত করার মাধ্যমে সামরিক সক্ষমতায় এগিয়ে থাকার নতুন কৌশল গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। আরটিভি/এসকে
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
ইতালিতে ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগ, যেভাবে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরাও
২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে ইতালি সরকার। দেশটির কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ তৈরি হবে বাংলাদেশিদের জন্যও।
ইতালিতে ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগ, যেভাবে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরাও
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের করা অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা
মশা নিধন কিংবা মশার কামড় থেকে বাঁচার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে নতুন এক কৌশলে আশাব্যঞ্জক সাফল্য পেয়েছেন ব্রাজিলের গবেষকেরা।
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা
আরও পড়ুন
সোনার দাম কমল
বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো 
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বিশ্ব বাজারে আবারও কমল সোনার দাম