ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:৪২ এএম
কুয়েত সিটির দক্ষিণে মানগাফের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ইরানের ড্রোন হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। ছবি: এএফপি 

ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ ও গুরুত্বপূর্ণ অঞ্চলকে লক্ষ্যবস্তু করে টানা অষ্টম দিনের মতো ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই জোরালো আক্রমণের ফলে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলসহ বিভিন্ন স্থানে একের পর এক বিকট বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি খুজেস্তান প্রদেশের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নরের বরাতে জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই প্রদেশের শাদেগান শহরের কাছে একটি কৌশলগত স্থানে মার্কিন যুদ্ধবিমান নিখুঁত হামলা চালিয়েছে। এ ঘটনার পরপরই স্থানীয় জরুরি উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে তারা সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন

এদিকে পারস্য উপসাগরের কৌশলগত প্রবেশদ্বারে অবস্থিত ইরানের বৃহত্তম দ্বীপ কেশমের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি শক্তিশালী মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে। দ্বীপে অবস্থানরত এক সংবাদদাতার বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্বীপের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। তবে দ্বীপে অবস্থানরত নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি।

এর আগে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসের বিভিন্ন অংশে গভীর রাতে বেশ কয়েকটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। তবে প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম নিউজ পরে জানায়, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেখানে সরাসরি কোনো ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের চূড়ান্ত প্রমাণ তারা এখনো পায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গত এক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সংঘাত চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নৌ অবরোধ নিয়ে দুই পক্ষের এই মরণপণ লড়াই পুরো বিশ্ববাজারকে অস্থির করে তুলেছে। মার্কিন সামরিক কমান্ড সেন্টকমের দাবি, আন্তর্জাতিক নৌপথে ইরানের হুমকি দেওয়ার সামরিক সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানও যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
ষষ্ঠ প্রজন্মের এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই চালকবিহীন যুদ্ধবিমান বা ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) যুক্ত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর মাধ্যমে বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করে ড্রোন পরিচালনার পরিকল্পনা করছে দেশটি। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি সিনেটের এক শুনানিতে এ পরিকল্পনার কথা জানান। সিসিএ প্রযুক্তির এসব চালকবিহীন যুদ্ধবিমান তুলনামূলক কম খরচে তৈরি করা হবে। প্রয়োজনে যুদ্ধে এগুলো হারানোর ঝুঁকি বিবেচনায় রেখেই নকশা করা হচ্ছে। বিমানবাহী রণতরির যুদ্ধক্ষমতা বাড়ানো, অভিযানের পরিধি বিস্তৃত করা এবং চালকসহ যুদ্ধবিমানের পাশাপাশি বিভিন্ন সামরিক দায়িত্ব পালনে সহায়তা করবে এসব উড়োজাহাজ। বর্তমানে পশ্চিমা বিশ্বে উন্নয়নাধীন দুটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের একটি হলো মার্কিন নৌবাহিনীর এফ/এ-এক্সএক্স। অন্যটি মার্কিন বিমানবাহিনীর এফ-৪৭। এফ/এ-এক্সএক্স এমনভাবে তৈরি করার পরিকল্পনা রয়েছে, যাতে এটি একাধিক চালকবিহীন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারে। ২০২৫ সালে ভবিষ্যতের বিমানবাহী রণতরিতে ব্যবহারের উপযোগী চালকবিহীন যুদ্ধবিমানের নকশা তৈরির কাজ শুরু করতে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে যুক্ত করে মার্কিন নৌবাহিনী। একই সঙ্গে এসব ড্রোন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। এদিকে, বিমানবাহী রণতরিতে ব্যবহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রথম স্থির-পাখার চালকবিহীন উড়োজাহাজ হলো এমকিউ-২৫ স্টিংরে। তবে এটি মূলত আকাশে জ্বালানি সরবরাহের জন্য তৈরি। ফলে যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে তৈরি সিসিএ প্রযুক্তির সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। চালকবিহীন উড়োজাহাজ পরিচালনায় নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কোরের মধ্যে প্রযুক্তিগত সামঞ্জস্য তৈরির উদ্যোগও নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে একটি বাহিনীর চালকসহ যুদ্ধবিমান অন্য বাহিনীর চালকবিহীন যুদ্ধবিমানও নিয়ন্ত্রণ করতে পারবে। অন্যদিকে, গত সেপ্টেম্বরে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় জয়ী হয় বোয়িং। এর আগে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়ে উদ্বেগ এবং বিমানবাহিনীর এফ-৪৭ প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতার কারণে কর্মসূচিটির কাজ স্থগিত রাখা হয়েছিল। পরে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপে প্রকল্পটি আবার এগিয়ে নেওয়া হয়। তবে এর বাস্তবায়নের সময়সূচি ও উৎপাদন সক্ষমতা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের আশা, ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমানটি কার্যক্রমে যুক্ত করা সম্ভব হবে। তবে অতীতে মার্কিন প্রতিরক্ষা খাতের বিভিন্ন বড় প্রকল্পে দীর্ঘসূত্রতার নজির থাকায় নির্ধারিত সময়ে এটি বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। এদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে চীন তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করার পর যুক্তরাষ্ট্রের এফ/এ-এক্সএক্স ও এফ-৪৭ কর্মসূচির গুরুত্ব আরও বেড়েছে। চীন ইতোমধ্যে এ ধরনের যুদ্ধবিমানের উড্ডয়ন পরীক্ষা শুরু করলেও যুক্তরাষ্ট্রের দুটি প্রকল্পের কোনোটিই এখনও প্রোটোটাইপের পরীক্ষামূলক উড্ডয়ন পর্যায়ে পৌঁছায়নি। এ অবস্থায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পাশাপাশি চালকবিহীন যুদ্ধবিমানকে বহরে যুক্ত করার মাধ্যমে সামরিক সক্ষমতায় এগিয়ে থাকার নতুন কৌশল গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। আরটিভি/এসকে
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
ইতালিতে ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগ, যেভাবে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরাও
২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে ইতালি সরকার। দেশটির কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ তৈরি হবে বাংলাদেশিদের জন্যও।
ইতালিতে ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগ, যেভাবে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরাও
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের করা অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা
মশা নিধন কিংবা মশার কামড় থেকে বাঁচার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে নতুন এক কৌশলে আশাব্যঞ্জক সাফল্য পেয়েছেন ব্রাজিলের গবেষকেরা।
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি তেহরানের 
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা 
ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কতটা ভয়ংকর রূপ দেখাবে এই ‘রাক্ষস’