
যুক্তরাষ্ট্রের খাদ্য বাজারে মারাত্মক ‘সালমোনেলা’ ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংকট মোকাবিলায় টার্গেট, ওয়ালমার্ট ও হোল ফুডসের মতো দেশটির শীর্ষ সুপারশপগুলো নিজেদের স্টোর থেকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য সরিয়ে নিতে বাধ্য হচ্ছে।
মেক্সিকান হ্যালাপ্যানিও কাঁচামরিচ থেকে ছড়িয়ে পড়া এই সংক্রামক ব্যাকটেরিয়ার কারণে শত শত ক্রেতা অসুস্থ হয়ে পড়ার পর এসব সুপারস্টোরগুলো বড় ধরনের আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে।
রোববার (৯ আগস্ট) মার্কিন গণমাধ্যম ফক্স ১১ তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, মেক্সিকোর সিনালোয়ায় উৎপাদিত ও সরবরাহকৃত এই কাঁচামরিচ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় প্রধান তিন সুপারশপ ছাড়াও হানাফোর্ড, ক্রোগার ও ট্রেডার জো’সের মতো বিখ্যাত রিটেইল চেইনগুলোও নজিরবিহীন লোকসান ও সংকটে পড়েছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘টেলর ফ্রেশ ফুডস’ বাজার থেকে বিপুল পরিমাণ প্রক্রিয়াজাত পণ্য স্বেচ্ছায় প্রত্যাহার করার পর এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে কেনাবেচায় বড় ধাক্কা লাগে।
এফডিএর তথ্যানুযায়ী, মেক্সিকোর সিনালোয়ায় উৎপাদিত এবং ‘কোস্ট সিট্রাস ডিস্ট্রিবিউটরস’ কর্তৃক সরবরাহকৃত কাঁচামরিচের সঙ্গে অন্তত ২৭টি অঙ্গরাজ্যে তিন শতাধিক সালমোনেলা সংক্রমণের সম্পর্ক পাওয়া গেছে। তবে নতুন করে প্রত্যাহার করা পণ্যগুলোর সঙ্গে সরাসরি কেউ অসুস্থ হওয়ার তথ্য এখনও টেলর ফ্রেশ ফুডসের কাছে পৌঁছায়নি।
প্রতিষ্ঠানটির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, তুলে নেওয়া এসব পণ্যের ‘মেয়াদ উত্তীর্ণের তারিখ’ হিসেবে ২০২৬ সালের ১৬ আগস্ট বা তার আগের সময় উল্লেখ করা রয়েছে। এই পণ্যগুলো অ্যালাবামা, ফ্লোরিডা, ইলিনয়, টেক্সাস, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যের বিতরণ কেন্দ্রে পাঠানো হয়েছিল। ফলে বড় বড় সুপারমার্কেটগুলোকে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতি সামাল দিতে হচ্ছে।।
স্বাস্থ্য কর্তৃপক্ষ ক্রেতাদের এসব পণ্য না খেয়ে অবিলম্বে ফেলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। পণ্যগুলো ক্রয়কৃত দোকানে ফেরত দিয়ে ক্রেতারা সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে কোম্পানিটির কাস্টমার কেয়ার নম্বর ৮৫৫-৪৫৫-০০৯৮-এ যোগাযোগের সুবিধা রাখা হয়েছে।
এফডিএর সাম্প্রতিক পর্যালোচনা অনুযায়ী, ১৯ জুন থেকে ২০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি রাজ্যে ৩৪৫টি সালমোনেলা সংক্রমণ রেকর্ড করা হয়, যার বড় অংশই ঘটেছিল কলোরাডো ও মিনেসোটায়। আক্রান্তের পর এ পর্যন্ত ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা সালমোনেলায় আক্রান্ত ১৯১ জনের সাক্ষাৎকার নিয়ে দেখেন, তাদের মধ্যে ১৭৭ জনই (৯৩ শতাংশ) অসুস্থ হওয়ার আগে কোনো না কোনো মেক্সিকান রেস্তোরাঁয় খাবার খেয়েছিলেন। আক্রান্তদের তালিকায় চিপোটলে ও কডোবার মতো জনপ্রিয় ফুড চেইনের নাম উঠে আসে। তবে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বর্তমানে সেসব স্থানে খাবার খাওয়াকে ঝুঁকিমুক্ত বলে নিশ্চিত করেছে এফডিএ।
আরটিভি/এআর


