
যুক্তরাষ্ট্রের আটলান্টায় ১১ মাস ও ৪ বছর বয়সী দুই বোনকে অপহরণের অভিযোগে এক শিশুযত্নকারীকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে তাদের উদ্ধার করা হয়।
এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।
পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) রাতে শিশু দুটির মা তাদের নিখোঁজ হওয়ার খবর দেন। এর আগে তিনি দুই মেয়েকে লাকিশা ব্রাউনের কাছে রেখে বাইরে গিয়েছিলেন। পরে বাড়িতে ফিরে তিনি দেখেন, দুই শিশু ও ব্রাউন কেউই সেখানে নেই।
শিশু দুটির মা পুলিশকে জানান, প্রায় এক বছর ধরে ব্রাউনকে তিনি চিনতেন এবং তার ওপর শিশুদের দেখাশোনার ক্ষেত্রে আস্থা ছিল।
পুলিশের তদন্তকারীরা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে সোমবার শিশু দুটির অবস্থান শনাক্ত করেন। পরে পলাতক আসামি ধরার দায়িত্বে থাকা কর্মকর্তারা ওই এলাকায় তল্লাশি চালানোর সময় একটি আবাসিক ট্রেলার থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। সেখানে ঢুকে তারা দুই শিশুকে উদ্ধার করেন এবং ব্রাউনকে আটক করেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় দুই শিশুকেই সুস্থ অবস্থায় পাওয়া গেছে।
তদন্তকারীরা আরও জানান, ব্রাউনের আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে যোগাযোগ রয়েছে। প্রায় পাঁচ বছর আগে একই ধরনের একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় আলাবামায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলার বিষয়ে আরও তথ্য জানতে আটলান্টা পুলিশ আলাবামার কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।
তবে শিশু অপহরণের এই ঘটনায় এখন পর্যন্ত এর বেশি তথ্য প্রকাশ করেনি পুলিশ।
আরটিভি/জেএমএ



