
আইফোনের কিস্তির টাকা পরিশোধ নিয়ে বাবার সঙ্গে তীব্র বাদানুবাদের পর পাহাড়ের চূড়ায় চলে যান এক তরুণ। তাকে ফিরিয়ে আনতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু হয় বাবা ও ছেলের। স্বামী ও ছেলেকে নিচে পড়ে যেতে দেখে পরে পাহাড় থেকে ঝাঁপ দেন মা। মর্মান্তিক এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পুলিশের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত তরুণের নাম কুনাল। তিনি একটি আইফোন কিনেছিলেন। তবে ফোনটির মাসিক কিস্তি পরিশোধের জন্য পরিবারের কাছে টাকা চাইছিলেন। সর্বশেষ কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবার সঙ্গে তার তীব্র বাদানুবাদ হয়।
এরপর ক্ষুব্ধ হয়ে সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে তিসগাঁও এলাকার একটি পাহাড়ের চূড়ায় চলে যান কুনাল।
খবর পেয়ে তার বাবা মুরলিধর চন্দগুড়ে ও মা সঙ্গীতা সেখানে ছুটে যান। স্থানীয় কয়েকজনও তাদের সঙ্গে যোগ দেন। প্রায় তিন ঘণ্টা ধরে কুনালকে পাহাড় থেকে নিচে নামিয়ে আনার চেষ্টা করেন তারা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুনাল পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দিচ্ছিলেন। তাকে বেঁচে থাকার জন্য এবং মায়ের কথা ভেবে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করা হলেও তিনি তাতে রাজি হননি।
স্থানীয় সাবেক সরপঞ্চ সঞ্জয় যাদব জানান, কুনালকে বারবার ভবিষ্যতের কথা ভাবতে এবং এমন সিদ্ধান্ত না নিতে অনুরোধ করা হয়েছিল।
পরে দুপুর ১টার দিকে ছেলেকে বাঁচাতে কুনালের বাবা পাহাড়ের কিনারায় উঠে তাকে টেনে নামানোর চেষ্টা করেন। এ সময় বাবা ও ছেলে দুজনেই ভারসাম্য হারিয়ে নিচের গিরিখাতে পড়ে যান।
স্বামী ও ছেলেকে চোখের সামনে নিচে পড়ে যেতে দেখে কিছুক্ষণ পর কুনালের মা সঙ্গীতাও পাহাড় থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/জেএমএ




