
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ পাঁচ কর্মকর্তার অবস্থান ও কর্মকাণ্ডের তথ্য পেতে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ ঘোষণা দেওয়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এ আহ্বান পুনর্ব্যক্ত করে। মার্কিন সরকারের এই পদক্ষেপে দেশটির সাথে ওয়াশিংটনের দীর্ঘদিনের ভূরাজনৈতিক টানাপোড়েন ও বৈরী সামরিক সম্পর্ক নতুন মাত্রা পেল।
যে পাঁচ শীর্ষ কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তারা হলেন—আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আবদুল্লাহি, অ্যারোস্পেস ফোর্সের ড্রোন (ইউএভি) কমান্ডার সাইদ আগাজানি, সাইবার-ইলেকট্রনিক কমান্ড প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দপ্তরের কমান্ডার মজিদ খাদেমি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে, উল্লিখিত ইরানি কর্মকর্তাদের বিষয়ে সুনির্দিষ্ট ও ব্যবহারযোগ্য তথ্য দিতে পারলে তথ্যদাতাকে অর্থ পুরস্কার প্রদানের পাশাপাশি বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে পুনর্বাসনের সুবিধাও দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের নানা নিষেধাজ্ঞা ও কড়া নজরদারিতে রয়েছে আইআরজিসি। তবে শীর্ষ পদাধিকারী সামরিক কর্মকর্তাদের এভাবে তথ্য দেওয়ার জন্য কোটি ডলারের আর্থিক টোপ দেওয়ার বিষয়টি ইরানের বর্তমান নিরাপত্তা কাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের চরম অর্থনৈতিক ও কৌশলগত চাপ তৈরির চেষ্টারই অংশ।
আরটিভি/এআর




