
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের কাবার্ডিনো-বালকারিয়ার পাহাড়ে তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উত্তর ককেশাস অঞ্চলের অন্যতম সর্বোচ্চ চূড়া মাউন্ট মিঝিরগিতে রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তুষারধসের ঘটনা ঘটে। ওই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল সেখানে অবস্থান করছিল।
জরুরি সেবা বিভাগ জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেদের চেষ্টায় পাহাড় থেকে নেমে আসতে সক্ষম হন। তবে বাকি ছয়জনের পরিণতি তখনও জানা যায়নি।
উদ্ধার ও অনুসন্ধান অভিযানে ৫০ জনেরও বেশি জরুরি কর্মী নিয়োজিত রয়েছেন। দুর্গম ভূখণ্ড এবং পুনরায় তুষারধসের উচ্চ ঝুঁকির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আরটিভি/এসকে




