
দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছাকাছি রাশিয়ার একাধিক সামরিক বিমান চলে আসায় দেশটির একটি দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ঘটনায় যুদ্ধবিমানও উড়িয়েছে দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির সামরিক বাহিনী জানায়, পূর্ব উপকূলের উলেউং দ্বীপের আকাশসীমার দিকে এগিয়ে আসছিল রাশিয়ার একাধিক সামরিক বিমান। পরিস্থিতি বিবেচনায় আগাম সতর্কতা হিসেবে বাসিন্দাদের আশ্রয় নিতে বলা হয়। তবে শেষ পর্যন্ত রুশ বিমান দক্ষিণ কোরিয়ার মূল আকাশসীমায় প্রবেশ করেনি।
সতর্কবার্তাটি জারির তিন মিনিট পর তুলে নেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে দেশটির যুদ্ধবিমান কৌশলগত তৎপরতা চালায়।
এ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে দেশটির সামরিক প্রতিনিধিকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, রাশিয়ার সামরিক বিমান সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে। তবে এই অঞ্চলে প্রবেশ করা মানেই দেশটির মূল আকাশসীমায় ঢুকে পড়া নয়। রাশিয়া এই শনাক্তকরণ অঞ্চলকে স্বীকৃতি দেয় না।
আরটিভি/জেএমএ


