
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
সাক্ষাৎকার তাকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। যারমধ্যে অন্যতম প্রশ্ন ছিল তিনি যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না। জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউজম্যাক্সের সঙ্গে দীর্ঘ সময় এসব কথা বলেন ট্রাম্প। এসময় তিনি আরও বলেন, “সত্যি বলতে, আমি কাউকে বিশ্বাস করি না। রাজনৈতিক বিশ্বের কাউকে আমি বিশ্বাস করি না।”
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের সংসদের নির্বাচন হবে। ট্রাম্পকে নিউজম্যাক্সের উপস্থাপক জিজ্ঞেস করেন ইসরায়েলের নতুন নির্বাচনে তিনি কাউকে সমর্থন করেন কি না। এর উত্তরে ট্রাম্প জানান, তিনি কাউকে এখন পর্যন্ত সমর্থন করেননি, তবে সামনে হয়ত করবেন।
ট্রাম্প জানান, ইসরায়েলি কর্মকর্তারা চাইছেন তিনি যেন নেতানিয়াহুর পক্ষে কাজ করেন।
এ সময় ট্রাম্প দাবি করেন, ইসরায়েলিরা তাকে জানিয়েছেন, যদি তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেন তাহল ৯৯ শতাংশ ইসরায়েলি তাকে ভোট দিতো। ট্রাম্প বলেন, “তারা চায় আমি যেন নেতানিয়াহুর পক্ষে কথা বলি। ইসরায়েলের মানুষ বলে থাকেন যদি আমি প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমি ৯৯ শতাংশ ভোট পাব।”
তবে নেতানিয়াহুর সঙ্গে ভালো সম্পর্ক আছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কথা উল্লেখ করে বলেন, ইরানে হয়ত সামনে তিনি ‘মাদার অব অল বম্বস’ ব্যবহার করবেন। যেটি একটি ছোটখাটো পারমাণবিক বোমার মতো।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আরটিভি/ এসকেডি




