ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সেই জলপরীর আসল পরিচয় জানালেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত

উনিশ শতকে যুক্তরাষ্ট্রের জাদুঘর ও ভ্রাম্যমাণ প্রদর্শনীতে ‘ফিজি মারমেইড’ নামে পরিচিত এই জলপরীকে একসময় সত্যিকারের প্রাণী বলে বিশ্বাস করেছিলেন অনেকে। আবার কেউ কেউ একে মানুষ ও জলজ প্রাণীর মধ্যবর্তী বিবর্তনীয় সংযোগসূত্র বা ‘মিসিং লিংক’ বলেও অভিহিত করেছিলেন।

তবে সব কল্পনার অবসান ঘটিয়ে আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণ ও ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়, এটি কোনো অজানা প্রাণী ছিল না। বরং বিভিন্ন প্রাণীর দেহাবশেষ জুড়ে তৈরি করা হয়েছিল কৃত্রিম প্রদর্শনবস্তু।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রদর্শিত একটি ফিজি মারমেইডের প্রতিরূপ ঘিরে পুরোনো এই রহস্য আবারও আলোচনায় এসেছে। জানা গেছে, মানুষের শরীরের ওপরের অংশের সঙ্গে মাছের লেজ জুড়ে তৈরি করা হয়েছিল অদ্ভুত এই প্রাণীর অবয়ব। মিউজিয়ামে দর্শকদের আকৃষ্ট করাই ছিল এর মূল উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বোল্ডার ক্যাম্পাসের লেখালেখি ও অলঙ্কারশাস্ত্র বিভাগের শিক্ষক জ্যাক ড্যালি সম্প্রতি দ্য কনভারসেশনে প্রকাশিত এক বিশ্লেষণে ফিজি মারমেইডের ইতিহাস তুলে ধরেছেন। তার ব্যাখ্যা অনুযায়ী, উনিশ শতকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রদর্শক পি. টি. বার্নাম এই অদ্ভুত নমুনাকে জনপ্রিয় করে তোলেন। ১৮৪২ সালে নিউইয়র্কের আমেরিকান মিউজিয়ামে এটিকে ‘বিশ্বের সবচেয়ে বিস্ময়কর প্রদর্শনী’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। প্রচার করা হতো, প্রাণীটি দূরবর্তী ফিজি দ্বীপপুঞ্জের সমুদ্র থেকে পাওয়া গেছে। সেই সময় অজানা প্রাণী ও বিবর্তন নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল থাকায় প্রদর্শনীটি দ্রুত জনপ্রিয়তা পায়।

ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ফিজি মারমেইডের ধারণার শিকড় জাপান ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের কয়েক শ বছরের পুরোনো শিল্পধারার সঙ্গে যুক্ত। জাপানি লোককাহিনিতে ‘নিংইয়ো’ নামে পরিচিত অর্ধেক মানুষ ও অর্ধেক মাছের মতো অতিপ্রাকৃত প্রাণীর উল্লেখ রয়েছে। এগুলোকে পশ্চিমা রূপকথার সুন্দর জলপরীর মতো কল্পনা করা হতো না। বরং দেখতে অস্বাভাবিক ও ভয় ধরানো প্রাণী হিসেবে উপস্থাপন করা হতো। প্রদর্শনীর জন্য তৈরি এসব নমুনার ওপরের অংশে কখনো বানরের দেহাবশেষ, আবার কখনো কাগজের মণ্ড দিয়ে তৈরি অংশ ব্যবহার করা হতো। নিচের অংশে যুক্ত করা হতো মাছের লেজ।

পি. টি. বার্নামের প্রদর্শিত নমুনাটি দেখতে প্রায় তিন ফুট লম্বা ছিল বলে তার আত্মজীবনীতে উল্লেখ রয়েছে। বার্নাম সেটিকে কালচে, শুকনো ও কুৎসিত দেখতে একটি প্রাণী হিসেবে বর্ণনা করেছিলেন। এর মুখ খোলা, লেজ বাঁকানো এবং হাত দুটি ওপরে তোলা ছিল। দর্শকদের কাছে এটিকে বাস্তব জলজ প্রাণী হিসেবে বিশ্বাসযোগ্য করে তুলতে সংবাদপত্রে চিঠি পাঠানো এবং প্রচারপত্র বিলি করার মতো কৌশলও ব্যবহার করা হয়েছিল। কথিত এক চিকিৎসক ও প্রকৃতিবিদের মাধ্যমে প্রাণীটির সত্যতা নিয়ে আলোচনা ছড়ানো হয়েছিল, যদিও ওই ব্যক্তিও প্রদর্শনীর প্রচারণার অংশ ছিলেন বলে ঐতিহাসিক বিশ্লেষণে উঠে এসেছে।

ড্যালির বিশ্লেষণে বলা হয়েছে, বার্নামের প্রদর্শিত ফিজি মারমেইডটি বানরের দেহের ওপর মাছের অংশ জুড়ে তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে কলোরাডোর ডেনভার মিউজিয়াম অব নেচার অ্যান্ড সায়েন্সে প্রদর্শিত নমুনাটি বার্নামের মূল প্রদর্শিত বস্তু নয়। জাদুঘরের তথ্য অনুযায়ী, এটি একটি প্রতিরূপ এবং এর ওপরের অংশ কাগজের মণ্ড দিয়ে তৈরি। নমুনাটি পিবডি মিউজিয়াম অব আর্কিওলজি অ্যান্ড এথনোলজির সংগ্রহের অংশ। বার্নামের আসল প্রদর্শনীতে ব্যবহৃত বস্তুটি পরে আগুনে নষ্ট হয়ে গিয়েছিল অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে ধারণা করা হয়। ফলে বর্তমানে প্রদর্শিত প্রতিরূপকে মূল নমুনা হিসেবে পরিচয় করানো সঠিক নয়।

ফিজি মারমেইড নিয়ে সেই সময়ের মানুষের আগ্রহের পেছনে শুধু কৌতূহল নয়, বিজ্ঞান ও লোককাহিনির মধ্যকার বিতর্কও কাজ করেছিল। বিবর্তন সম্পর্কে নতুন ধারণা ছড়িয়ে পড়ার সময় মানুষ জানতে চাইছিল, বিভিন্ন প্রাণীর মধ্যে কোনো অজানা সংযোগসূত্র থাকতে পারে কি না। সেই আগ্রহকে কাজে লাগিয়েছিলেন প্রদর্শকেরা। অদ্ভুত দেখতে নমুনাটিকে রহস্যময় প্রাণী হিসেবে প্রচার করে বিপুল দর্শক টানতে সক্ষম হয়েছিলেন বার্নাম। ড্যালির মতে, এটি ছিল এমন এক প্রদর্শনী প্রতারণা, যা লোকবিশ্বাস, বিজ্ঞান এবং বাণিজ্যিক বিনোদনকে একসঙ্গে মিশিয়ে দিয়েছিল।

ফিজি মারমেইডের মতো নমুনা নিয়ে পরবর্তী সময়েও বৈজ্ঞানিক পরীক্ষা হয়েছে। অন্য একটি নমুনার স্ক্যান বিশ্লেষণে মাছ, বানর ও সরীসৃপজাতীয় প্রাণীর দেহাবশেষের উপস্থিতির কথা উঠে এসেছিল। যুক্তরাজ্যের হর্নিম্যান মিউজিয়ামের ঐতিহাসিক তথ্যেও এ ধরনের কৃত্রিম নমুনা তৈরির পদ্ধতি এবং মাছের লেজের সঙ্গে বানরজাতীয় প্রাণীর দেহাংশ জুড়ে দেওয়ার বিবরণ রয়েছে। এসব তথ্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, ফিজি মারমেইড কোনো বাস্তব জলজ প্রজাতি বা বিবর্তনের হারিয়ে যাওয়া সংযোগসূত্র নয়। এটি ছিল মানুষের তৈরি একটি অদ্ভুত প্রদর্শনবস্তু, যা একসময় বিপুল দর্শকের বিস্ময় ও আলোচনার জন্ম দিয়েছিল।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউজার্সির ২৬ স্থানে বিনামূল্যে কার ওয়াশ, কারা পাবেন সুবিধা!
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ‘ভেটেরান ডে’ উপলক্ষে বর্তমান বা সাবেক সামরিক বাহিনীতে কর্মরত সদস্য এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের জন্য টানা তিন দিন বিনামূল্যে গাড়ি পরিষ্কারের সুযোগ দিচ্ছে স্পিডার্স কার ওয়াশ সংস্থা।
নিউজার্সির ২৬ স্থানে বিনামূল্যে কার ওয়াশ, কারা পাবেন সুবিধা!
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষক সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে, দেশটিতে বাড়ির দাম আবারও বাড়তে পারে। বিশেষ করে নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও মিয়ামির মতো বড় শহরে বাড়ির মূল্য অনেক বেশি। এছাড়াও বাড়ির দাম ও মর্টগেজের সুদের চাপের কারণে অনেকের জন্য বাড়ি কেনা কঠিন হয়ে উঠেছে। 
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
সাগরে ৯ ঘণ্টার লড়াই, অবশেষে প্রাণে বাঁচলেন প্রমোদতরির পিয়ানোবাদক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে প্রায় ২০ মাইল দূরে পানিতে ভেসে থাকা এক ক্রুজ জাহাজের পিয়ানোবাদক উদ্ধার করেছেন দুই জেলে।
সাগরে ৯ ঘণ্টার লড়াই, অবশেষে প্রাণে বাঁচলেন প্রমোদতরির পিয়ানোবাদক
মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, দুই গুলিতেও বেঁচে গেল কুকুর
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে হামলাকারীর হাত থেকে মালিককে বাঁচাতে গিয়ে দুইবার গুলিবিদ্ধ হয়েছিল জুডাহ নামের একটি কুকুর। দুই বছর আগে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনায় কুকুরটির প্রাণ বেঁচে গেলেও শরীরে রয়ে যাওয়া গুলির টুকরো এখন বিপজ্জনক হয়ে উঠেছে।
মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, দুই গুলিতেও বেঁচে গেল কুকুর
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমায় আর্থিক সহায়তা পেতে নতুন যোগ্যতার শর্ত
নতুন বছরে স্বাস্থ্যবিমায় আর্থিক সহায়তার নিয়মে বড় পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন। ইতোমধ্যে ২০২৭ সালের স্বাস্থ্যবিমার নিবন্ধন শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমায় আর্থিক সহায়তা পেতে নতুন যোগ্যতার শর্ত
আরও পড়ুন
নিউজার্সির ২৬ স্থানে বিনামূল্যে কার ওয়াশ, কারা পাবেন সুবিধা!
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
সাগরে ৯ ঘণ্টার লড়াই, অবশেষে প্রাণে বাঁচলেন প্রমোদতরির পিয়ানোবাদক
মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, দুই গুলিতেও বেঁচে গেল কুকুর