
চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে। তবে ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও কেউ হতাহত হননি।
শনিবার (২৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে চাঁদপুর কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটেছে।
ওসি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভান। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
আরটিভি/জেএমএ


