
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আগামী শনিবার পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া, ধুলিঝড় এবং কোথাও কোথাও টর্নেডো ও জলস্তম্ভ সৃষ্টির আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এনসিএম জানিয়েছে, সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে বিভিন্ন মাত্রার বজ্রঝড় হতে পারে। এর সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টিপাত, প্রবল নিম্নমুখী বায়ুপ্রবাহ ও ধুলাবালির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় বিপজ্জনক আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, মদিনা, তাবুক, আল-জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল ও নাজরানের কিছু এলাকায় এবং রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পবিত্র নগরী মক্কা ও তায়েফসহ আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেদ্দা, রাবিঘ ও খুলাইসে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আল-লিথ ও আল-কুনফুদা এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া কেন্দ্রের সতর্কতা অনুযায়ী, বজ্রঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে প্রবল বাতাস বয়ে যেতে পারে। এতে ধুলা ও বালু ছড়িয়ে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও উপকূলীয় এলাকায় উঁচু ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। অতিভারী বৃষ্টিপাতের সময় কোনো কোনো এলাকায় টর্নেডো কিংবা জলস্তম্ভ তৈরি হতে পারে।
প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন পূর্বাভাস ও সতর্কতা প্রকাশ করা হবে।
এ অবস্থায় বাসিন্দা ও গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনসিএম। পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে সংস্থাটির ওয়েবসাইট, আনওয়া আবহাওয়া অ্যাপ এবং যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত সরকারি নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
আরটিভি/এসকে


