
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন মুসলিমদের হজযাত্রা ও বাণিজ্যপথের সন্ধানে নতুন করে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে আল-উলা ও খায়বার অঞ্চলে পরিচালিত এই গবেষণায় অংশ নিচ্ছেন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিকেরা।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের রয়্যাল কমিশন ফর আল-উলা (আরসিইউ) গত ২১ অক্টোবর নতুন গবেষণা মৌসুমের কার্যক্রম শুরু করে। এ গবেষণায় প্রাচীন জনপদ, মরূদ্যানকেন্দ্রিক বসতি, হজযাত্রার পথ, বাণিজ্য এবং ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
গবেষণার অন্যতম প্রধান লক্ষ্য দক্ষিণ আল-উলার প্রাচীন যাতায়াতপথ চিহ্নিত করা। এ জন্য আল-বাদাই ও জুমুররুদ দুর্গের মধ্যবর্তী ১০০ কিলোমিটারের বেশি এলাকায় প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হচ্ছে। প্রাচীন দুর্গ, পুরোনো রেলস্টেশন ও অন্যান্য নিদর্শন পরীক্ষা করে ইসলামি যুগসহ বিভিন্ন সময়ের উত্তর-দক্ষিণ যোগাযোগপথের অবস্থান শনাক্তের চেষ্টা করছেন গবেষকেরা।
অন্যদিকে, খায়বার অঞ্চলে প্রাচীন বসতি ও ইসলামি যুগের জনপদ নিয়ে গবেষণা চলছে। পাশাপাশি হেগরা ও দাদান এলাকায় খননকাজের মাধ্যমে প্রাচীন মানুষের জীবনযাপন, বসতি এবং সমাধিক্ষেত্র সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আল-উলা অঞ্চলে এরই মধ্যে ২৫ হাজারের বেশি প্রাচীন শিলালিপি নথিভুক্ত করা হয়েছে। গবেষকদের আশা, এসব শিলালিপি বিশ্লেষণের মাধ্যমে ওই অঞ্চলের প্রাচীন ভাষা, সংস্কৃতি, বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করার কাজও চলছে। গবেষকদের মতে, এসব উদ্যোগের মাধ্যমে প্রাচীন আরবের যোগাযোগব্যবস্থা, হজযাত্রার ইতিহাস এবং ইসলামি সভ্যতার বিকাশ সম্পর্কে আরও বিস্তৃত ধারণা পাওয়া সম্ভব হবে।
আরটিভি/এসকে


