
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি। নতুন দুটি রেকর্ড যুক্ত হওয়ায় ক্লক টাওয়ারের মোট গিনেস স্বীকৃতির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে।
সম্প্রতি মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন এ দুটি রেকর্ডের সনদ গ্রহণ করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, এর উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার।
পর্যবেক্ষণ ডেক থেকে পবিত্র মসজিদুল হারামসহ পুরো মক্কা শহরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এখান থেকে শহরের স্থাপত্য ও নগরজীবনের বিস্তৃত চিত্র দেখতে পান দর্শনার্থীরা।
২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ক্লক টাওয়ারের জাদুঘর। টাওয়ারের সর্বোচ্চ চারটি তলায় অবস্থিত এ জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং বিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের বিবর্তন ও ব্যবহার সম্পর্কেও জানার সুযোগ রয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরটির উচ্চতা মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করেছে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন বস্তু ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শনের স্থানই জাদুঘর।
৬০১ মিটার উচ্চতার মক্কা ক্লক টাওয়ারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। পবিত্র মসজিদুল হারামের পাশে সাতটি সুউচ্চ ভবন নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এটি। সৌদি বিনলাদিন গ্রুপ কমপ্লেক্সটি নির্মাণ করে। টাওয়ারের ঘড়ির ওপরের ৭১ মিটার উচ্চতার চূড়াসহ এর মোট উচ্চতা ৬০১ মিটার।
টাওয়ারটির চার পাশে রয়েছে চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটির ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের প্রায় ছয় গুণ। ২০১১ সালের ২৮ নভেম্বর বিশাল ঘড়ির ডায়ালের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায় স্থাপনাটি।
নতুন স্বীকৃতি পাওয়ার আগেই বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ড ছিল মক্কার এই স্থাপনার দখলে। এবার জাদুঘর ও পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি যুক্ত হওয়ায় আন্তর্জাতিক রেকর্ডের তালিকায় আরও এগিয়ে গেল ক্লক টাওয়ার।
রয়্যাল কমিশনের মতে, এসব স্বীকৃতি মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারীসহ দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রচেষ্টার প্রতিফলন। একই সঙ্গে শহরটির ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণেও কাজ করছে কমিশন।
আরটিভি/এসকে


