ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

হুতিদের হামলার জেরে সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম
সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ - ‘মরুর দাভোস’।  ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতিদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (Davos in the Desert) স্থগিত করা হয়েছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন তারিখ আগামী বছর ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সম্মেলনটি অনানুষ্ঠানিকভাবে ‘মরুর দাভোস’ নামে পরিচিত। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সঙ্গে মিল রেখে এ নাম দেওয়া হয়েছে।

এবার সম্মেলনটির দশম আয়োজন হওয়ার কথা ছিল। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের অংশ নেওয়ার কথা ছিল। আয়োজকদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়িত্ববোধ থেকেই সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দশম আয়োজনটি প্রত্যাশিত পরিসর, মান ও প্রভাব নিয়ে আয়োজন করতে চান তাঁরা।

সৌদি আরবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য হলো দেশটিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নে সৌদি আরব বিপুল বিনিয়োগ সংগ্রহ করতে চায়।

সম্মেলনে গুগল ও এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রেসিডেন্ট ও প্রধান তথ্য কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লরেন্স ফিঙ্কের অংশ নেওয়ার কথা ছিল।

এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরান-সমর্থিত হুতিদের সংঘাত সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। হুতিরা সৌদি আরবের সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি রাজধানী রিয়াদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক কর্মী ও দুই পরামর্শক এ তথ্য জানিয়েছেন।

রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার থেকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মীদের সেখানে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আঞ্চলিক কার্যালয় রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর একটি সরকারি দপ্তরের এক কর্মী বার্তা পান, যেখানে বলা হয়, চলতি সপ্তাহের সোমবার (১৯ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত দূর থেকে কাজের ব্যবস্থা কার্যকর করা হবে। তবে সবাইকে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।

এছাড়া যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় প্রতিষ্ঠানের কার্যালয় থাকা কিং আবদুল্লাহ আর্থিক জেলার বিভিন্ন প্রতিষ্ঠানও কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

হুতিদের ধারাবাহিক হামলার মধ্যে গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন স্থগিত এবং রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে দূর থেকে কাজের ব্যবস্থা নেওয়ার ঘটনা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রকাশ্যে এলো মক্কা প্রতিরক্ষা চুক্তির বিস্তারিত
সামনে এসেছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির বিস্তারিত।
প্রকাশ্যে এলো মক্কা প্রতিরক্ষা চুক্তির বিস্তারিত
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে সৌদি সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কাবা শরিফের হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার (২০ অক্টোবর) ‘দ্য হলি মস্কস’-এর এক্স অ্যাকাউন্টের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে খালিজ টাইমস। প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরবের কর্তৃপক্ষ। এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ঘটনার সঙ্গে যুক্ত করে বিভিন্ন ধরনের দাবি প্রচার করা হয়। তবে ‘দ্য হলি মস্কস’ জানিয়েছে, ভিডিওটির সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো যোগসূত্র নেই। ভিডিওটি ওই ঘটনার প্রমাণ হিসেবেও ব্যবহার করা যায় না। ফলে ভিডিওটি ঘিরে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট দাবিগুলোকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে দেখা হচ্ছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম উল্লেখ করা হয় নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ, ঘটনার পরিস্থিতি কিংবা সংশ্লিষ্ট মসজিদের নাম প্রকাশ করা হয়নি। এ কারণে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ভাইরাল ভিডিওটির সঙ্গে ঘটনার সম্পর্ক নিয়ে বিভিন্ন দাবি সামনে এলেও সৌদি সংবাদমাধ্যমের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, ভিডিওটি এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়। এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল, কীভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কোন প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনকে বিষয়টি জানিয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাইয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সরকারি নথির ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে কোনো ভিডিওর সঙ্গে ঘটনার যোগসূত্র নিশ্চিত না হয়ে সেটিকে প্রমাণ হিসেবে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। সূত্র: খালিজ টাইমস আরটিভি/এসকে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি
হুতিদের ঠেকাতে সৌদি আরবকে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় সামরিক সহায়তা বাড়াচ্ছে যুক্তরাজ্য।
হুতিদের ঠেকাতে সৌদি আরবকে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও 
সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১টি নতুন চাকরির সুযোগ ঘোষণা করা হয়েছে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পদে এসব কর্মী নিয়োগ দেয়া হবে।
সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও 
তুরস্কের সঙ্গে নতুন সামুদ্রিক চুক্তি করল লিবিয়া
ভূমধ্যসাগরে সামুদ্রিক সীমানা নির্ধারণে তুরস্কের সঙ্গে করা চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে লিবিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার (২০ অক্টোবর) এ সিদ্ধান্তের মধ্য দিয়ে চুক্তিটির বিরোধিতা এবং আঙ্কারার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্নের আগের অবস্থান থেকে সরে দাঁড়াল দেশটির আইনসভা।
তুরস্কের সঙ্গে নতুন সামুদ্রিক চুক্তি করল লিবিয়া
আরও পড়ুন
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি
হুতিদের ঠেকাতে সৌদি আরবকে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগের দিন মেয়ের সঙ্গে কথা হয় বাবার
হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ