
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা অঞ্চলে পাইপলাইনের একটি স্থাপনায় আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তেল পরিবহনেও কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্যে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, হামলার খবর পাওয়ার পরপরই জরুরি সাড়াদানকারী ও বিশেষায়িত কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্থাপনাটি সুরক্ষিত করা এবং এর নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, অগ্নিকাণ্ডের পরও পাইপলাইনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অপরিশোধিত তেল পরিবহনেও কোনো প্রভাব পড়েনি। তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র কিংবা কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইন পারস্য উপসাগরসংলগ্ন পূর্বাঞ্চলের তেল উৎপাদন এলাকাকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত করেছে।
হরমুজ প্রণালি এড়িয়ে অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে পাইপলাইনটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এর কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে সৌদি আরব এ পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। যা বৈশ্বিক তেল সরবরাহের আনুমানিক ৪ শতাংশ।
এদিকে, হামলার জন্য এখন পর্যন্ত কোনো দেশ বা সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেনি সৌদি কর্তৃপক্ষ। ফলে এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় এ হামলার ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত থাকার সময়ে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আরটিভি/এসকে


