
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাদি আইজেনকটের নেতৃত্বে প্রথমে একটি ঐক্য সরকার গঠনের জন্য সাময়িকভাবে ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। নেতানিয়াহু গাদি আইজেনকটের সঙ্গে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, তাদের দুই দলের মধ্যে একটি ঐক্য সরকার গঠিত হবে। যেখানে প্রথমে আইজেনকট ও দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।
রোববার (২৯ নভেম্বর) স্কাই নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এ প্রস্তাব ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহুর ওপর থাকা চাপের বিষয়টি তুলে ধরেছে। কারণ, আইজেনকট সম্ভাব্য জোটসঙ্গীদের সমর্থন পাচ্ছেন।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেয়ার জন্য মনোনীত করেন। নির্বাচনের ফলে আইজেনকট বা নেতানিয়াহু—কারও জন্যই ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার হয়নি।
এ সপ্তাহে আইজেনকট বাম ও ডানপন্থী দুই দলের সঙ্গে জোট চুক্তি করেছেন। এসব দলের সমর্থন তাকে সংখ্যাগরিষ্ঠতার আরও কাছাকাছি নিয়ে যেতে পারে। মন্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হলেও আইজেনকটের ইয়াশার পার্টির একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সরকারের নেতৃত্ব তারই দেওয়া উচিত। অস্তিত্বের জন্য হুমকির ভয়াবহতা এবং এই বিপদ মোকাবিলা করতে সক্ষম নয়—এমন একটি সরকার গঠিত হওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে’ একজন নেতা হিসেবে তার দায়িত্ব হলো ‘সবকিছু একপাশে সরিয়ে রাখা’।
বিরোধী প্রার্থী আইজেনকট সাবেক সেনাপ্রধান। তিনি নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া দলগুলোর জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেন। দুজনের কেউই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন পাননি। তবে নেতানিয়াহুর ধর্মীয়-জাতীয়তাবাদী জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের প্রায় ৬৭ জন সদস্য আইজেনকটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেয়ার সুপারিশ করেন। অন্যদিকে, ৪৬ জন সদস্য নেতানিয়াহুকে প্রথমে সরকার গঠনের সুযোগ দেয়ার সুপারিশ করেন।
বিশ্লেষকদের মতে, আইজেনকটের ইয়াশার পার্টিকে মূলত মধ্যপন্থী হিসেবে বিবেচনা করা হয়। সরকার গঠনের ক্ষেত্রে তার সামনে তিনটি পথ রয়েছে।
তিনি বাইরে থেকে আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করতে পারেন, অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোট করতে পারেন অথবা নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করতে পারেন।
অতীতে আইজেনকট আরব ও অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনের দুই বিকল্পই প্রত্যাখ্যান করেছেন। তবে আরব নেতারা এখনও তাকেই প্রথমে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য মনোনীত করেছেন।
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য আইজেনকট আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। তবে তিনি চাইলে সর্বোচ্চ ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
আরটিভি/এসআর


