
ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এ প্রস্তাবকে রাজনৈতিক কৌশল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট।
শনিবার (১৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি চিরতরে দূর করতে জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন। এ বিষয়ে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসার জন্য আইজেনকটের প্রতি আহ্বান জানান তিনি।
তবে আইজেনকট বলেন, নেতানিয়াহু জানেন তিনি নির্বাচনে হেরে গেছেন। আলোচনা চলার মধ্যেই নতুন করে আলোচনার আহ্বান জানানোকে তিনি রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকটের চারদলীয় জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।
এরপর ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়ায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। এ জন্য তিনি ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যাবে।
আইজেনকট নেতানিয়াহুর লিকুদ দলের কিছু সদস্যের সঙ্গে কাজ করতে আগ্রহী হলেও কট্টর ডানপন্থীদের সরকারে রাখতে চান না। এদিকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ইসরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার নির্বাচনের কথা রয়েছে।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ



