
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে কিনা, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগে দেওয়া এ রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। কারণ, প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি আদালতটি।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ওই অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে গাম্বিয়া। সাত বছর ধরে মামলার শুনানি ও প্রমাণ পর্যালোচনা করছেন আইসিজের বিচারকেরা।
গণহত্যার অভিযোগ প্রমাণে কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল কি না, সেটিই গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। রোহিঙ্গাদের পক্ষে কাজ করা মানবাধিকার সংগঠনগুলোর দাবি, মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিতভাবে হত্যা, যৌন সহিংসতা ও গ্রাম ধ্বংসের মতো ঘটনা ঘটিয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। তাদের একজন সন্তানকে কেড়ে নিয়ে হত্যা করে আগুনে ফেলে দেওয়ার বর্ণনা দেন। আরেকজন গণকবরে মরদেহের স্তূপ দেখার কথা জানান।
তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। দেশটির দাবি, সশস্ত্র বিদ্রোহীদের হামলার জবাব দিতেই সেনাবাহিনী অভিযান চালিয়েছিল।
এ মামলার রায় গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রায় মিয়ানমারের বিরুদ্ধে গেলে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে। বিশেষ করে অস্ত্র ও সামরিক জ্বালানি সরবরাহ বন্ধের দাবি জোরালো হতে পারে। তবে আইসিজের নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা নেই। এ ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। মিয়ানমারে রয়েছেন ছয় লাখেরও কম। দীর্ঘদিনের নিপীড়ন ও বৈষম্যের অবসান এবং নিজ দেশে নিরাপদে ফেরার আশায় আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন রোহিঙ্গারা। সূত্র: দ্য গার্ডিয়ান
আরটিভি/এমএইচজে



