ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছিন্নভিন্ন মরদেহ, গণনাও করা যাচ্ছে না’, মিয়ানমারে ফের গণহত্যায় নিহত ছাড়াল ৭০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: সংগৃহীত

মিয়ানমারে টানা দুই দিনে একের পর এক স্থানে বিমান হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। এসব হামলায় শিশুসহ ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির বিরোধী গোষ্ঠী, উদ্ধারকারী দলের এক কর্মকর্তা এবং স্থানীয় সংবাদমাধ্যম। খবর এপির।

জানা গেছে, পূর্বাঞ্চলীয় শান রাজ্য, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য এবং মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানস্থল, স্কুল ও আবাসিক এলাকায় চালানো এসব হামলায় আরও ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সামরিক বাহিনী-সমর্থিত সরকার সর্বশেষ এই হামলা এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। সেনাবাহিনী এর আগে বরাবরই দাবি করে এসেছে, তারা কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানে এবং প্রতিরোধ বাহিনীগুলোকে তারা ‘সন্ত্রাসী’ হিসেবে অভিযুক্ত করে আসছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে চরম অস্থিরতা বিরাজ করছে। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংস দমন-পীড়নের পর সামরিক শাসনের বিরোধীদের অনেকেই অস্ত্র হাতে তুলে নেন। এর ফলে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে।

রোববার (২৯ নভেম্বর) কারেন্নি রাজ্যের অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিষদের সেক্রেটারি-২ বানিয়া খুং অং একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানান, গত ২৮ নভেম্বরের এক বিমান হামলায় শিশুসহ ২১ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, শান রাজ্যের পেখন টাউনশিপের লে কি লোন গ্রামে একটি বিয়ের প্রস্তুতি চলাকালে একটি যুদ্ধবিমান থেকে একটি স্কুল ও বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরের কাছে বোমাবর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, ‘আকাশ বা স্থল যেখান থেকেই দেখা হোক না কেন, এটি যে একটি বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির তা অত্যন্ত স্পষ্ট। এরপরও সেখানে বারবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোমাবর্ষণ করা যুদ্ধাপরাধের শামিল।’

ঘটনাস্থল পরিদর্শনকারী স্থানীয় এক জ্যেষ্ঠ উদ্ধারকারী কর্মকর্তা ওয়াই হুন অং জানান, ২৮ নভেম্বর বিকেল ৪টা ও রাত ৮টার দিকে রাখাইন রাজ্যের ম্রাউক-উ টাউনশিপের পাশাপাশি দুটি আবাসিক ওয়ার্ডে পৃথক দুটি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ২৪ জন নিহত এবং দুই ডজনেরও বেশি মানুষ আহত হন।

রোববার এপিকে তিনি বলেন, ‘নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কিছু মরদেহ আর গণনা করার অবস্থায় নেই; সেগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। নিহতদের সবাই ছিলেন বেসামরিক নাগরিক।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে সোমবার (৩০ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার শুরু হচ্ছে।
বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট
চীনা ভাষায় কুরআনের বাণী ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন মুহাম্মদ মা জিয়ান
চীনা ভাষাভাষী মানুষের কাছে পবিত্র কুরআনের শিক্ষা পৌঁছে দিতে জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছেন চীনের প্রখ্যাত মুসলিম পণ্ডিত ও অনুবাদক মুহাম্মদ মা জিয়ান। আরবি ভাষার মূল বক্তব্য ও ভাব অক্ষুণ্ন রেখে সহজবোধ্য চীনা ভাষায় কুরআনের অনুবাদ করে তিনি অর্জন করেন বিশেষ খ্যাতি। 
চীনা ভাষায় কুরআনের বাণী ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন মুহাম্মদ মা জিয়ান
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত হয়েছে।
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী
এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের শিশু, ১০ বিলিয়নেরও বেশি ভিউ
দক্ষিণ চীনের সাত বছর বয়সী শিশু ঝুয়াং এনছি এবার বিশ্বমঞ্চে নজর কেড়েছে তার অসাধারণ নৃত্যপ্রতিভা দিয়ে। শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে ঐতিহ্যবাহী ‘ইংগে’ নৃত্য পরিবেশন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সে। ৫১ সদস্যের একটি নৃত্যদলের নেতৃত্ব দিয়ে আলোচনায় এসেছে ছোট্ট এই নৃত্যশিল্পী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্ক নৃত্যশিল্পীদের সঙ্গে এনছির নাচের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ১০ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই অনেকে তাকে ‘ইংগে গার্ল’ নামে ডাকতে শুরু করেন। ‘ইয়াংচেং ইভিনিং নিউজ’-এর তথ্য অনুযায়ী, ৫১ সদস্যের এই দলে এনছিই ছিল সবচেয়ে কম বয়সী। অথচ পরিবেশনার সময় দলের একেবারে কেন্দ্রে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। এনছির নাচের দক্ষতা ও আত্মবিশ্বাস দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় মেতেছেন অনেকে। কেউ তার পরিবেশনাকে অসাধারণ ও মিষ্টি বলে অভিহিত করেছেন। আবার কেউ জানিয়েছেন, ছোট্ট এনছির নাচ দেখেই প্রথমবারের মতো তারা চীনের ঐতিহ্যবাহী ইংগে নৃত্য সম্পর্কে জানতে পেরেছেন। গুয়াংডং প্রদেশের শান্তৌ শহরের বাসিন্দা ঝুয়াং এনছি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে আগে থেকেই পরিচিত। ২০২৪ সালের এপ্রিলে নিজ গ্রামের একটি লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ইংগে নৃত্যদলের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে প্রথম আলোচনায় আসে সে। সেদিন নৃত্যশিল্পীদের পরিবেশনা দেখে নিজেও নাচতে শুরু করেছিল ছোট্ট এনছি। তার অঙ্গভঙ্গি, দ্রুততা ও নাচের কৌশল দেখে মুগ্ধ হন অভিজ্ঞ শিল্পীরাও। ইংগে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের চাওশান অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। ধারণা করা হয়, মিং রাজবংশের আমলে (১৩৬৮–১৬৪৪) এই নৃত্যের উৎপত্তি। মার্শাল আর্ট ও চীনা অপেরার বিভিন্ন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা এই নৃত্যে থাকে শক্তিশালী ও প্রাণবন্ত শারীরিক অভিব্যক্তি। মূলত বীরত্ব উদযাপনের সঙ্গে সম্পর্কিত এই নৃত্যশৈলী ২০০৬ সালে চীনের জাতীয় অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ছোটবেলা থেকেই ইংগে নাচের প্রতি গভীর আগ্রহ এনছির। এর পেছনে রয়েছে তার পারিবারিক পরিবেশও। তার বাবা গ্রামের নৃত্যদলে গং বাজান এবং দাদা বাজান শঙ্খ। পরিবারের সদস্যরা প্রায়ই তাকে নিয়ে নৃত্যশিল্পীদের মহড়া দেখতে যেতেন। সেখান থেকেই এই নাচের প্রতি ভালোবাসা তৈরি হয়। মেয়ের প্রতিভা বুঝতে পেরে বাবা ঝুয়াং রংকিয়াং তার জন্য একজন প্রশিক্ষক নিয়োগ করেন। এরপর শুরু হয় নিয়মিত প্রশিক্ষণ। বাবার ভাষ্য অনুযায়ী, অন্য শিশুদের কোনো নৃত্যমুদ্রা শিখতে যেখানে তিন থেকে চার দিন সময় লাগে, এনছি সেখানে তা মাত্র দেড় ঘণ্টায় আয়ত্ত করতে পারে। ইতিমধ্যে ইংগে নাচের ১০টিরও বেশি কৌশল শিখেছে সে। নিজের দক্ষতার কারণে এখন গুয়াংডংসহ চীনের বিভিন্ন অঞ্চল এবং বিদেশের বড় বড় অনুষ্ঠানে নাচ পরিবেশনের আমন্ত্রণ পাচ্ছে এনছি। ২০২৪ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরে নাচ পরিবেশনের পাশাপাশি দর্শকদের ইংগে নাচও শিখিয়েছে সে। চলতি বছরের শুরুর দিকে হংকংয়ের রাস্তায়ও পরিবেশনা করেছে ছোট্ট এই শিল্পী। এপেক সম্মেলনে অংশ নেওয়ার খবর পেয়ে আনন্দিত ও গর্বিত হয় এনছির পরিবার। তার বাবা ঝুয়াং রংকিয়াং জানান, জুন মাসের শেষের দিকে মেয়ের নির্বাচিত হওয়ার খবর পান তারা। বিদেশি অতিথিদের সামনে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাওয়াকে পরিবারের জন্য বড় অর্জন বলে মনে করেন তিনি। সম্মেলনের প্রস্তুতির জন্য গত চার মাস ধরে শেনঝেনে অবস্থান করছে এনছি। সেখানে নিয়মিত কঠোর প্রশিক্ষণ নিয়েছে সে। অনুশীলনের সময় এনছি ও দলের অন্য সদস্যরা হাত-পায়ে বালিভর্তি ব্যাগ বেঁধে নাচের চর্চা করতেন। এতে অতিরিক্ত ওজন নিয়ে কাঠের লাঠি দিয়ে আঘাত করার সময় এবং পায়ের পদক্ষেপে ভারসাম্য বজায় রাখার দক্ষতা বাড়ত। কঠোর প্রশিক্ষণ নিতে হলেও কখনো অভিযোগ করেনি এনছি। মেয়ের কষ্ট দেখে বাবা কষ্ট পেলেও প্রশিক্ষণে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় নিজের উদ্বেগ তার সামনে প্রকাশ করতেন না। এত অল্প বয়সেই আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা এনছির অবশ্য আরও একটি স্বপ্ন রয়েছে। সে এমন কোনো জায়গায় নাচ পরিবেশন করতে চায়, যেখানে তুষারপাত হয়। কারণ এখনো পর্যন্ত সরাসরি তুষার দেখার সুযোগ হয়নি তার। আরটিভি/এসকে
এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের শিশু, ১০ বিলিয়নেরও বেশি ভিউ
ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান
ইরানের আকাশসীমার কাছাকাছি গিয়ে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মুখে পড়ে গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান। 
ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান
আরও পড়ুন
রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস
রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ 
গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার
আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ