ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা ভাষায় কুরআনের বাণী ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন মুহাম্মদ মা জিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

চীনা ভাষাভাষী মানুষের কাছে পবিত্র কুরআনের শিক্ষা পৌঁছে দিতে জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছেন চীনের প্রখ্যাত মুসলিম পণ্ডিত ও অনুবাদক মুহাম্মদ মা জিয়ান। আরবি ভাষার মূল বক্তব্য ও ভাব অক্ষুণ্ন রেখে সহজবোধ্য চীনা ভাষায় কুরআনের অনুবাদ করে তিনি অর্জন করেন বিশেষ খ্যাতি।

তার অনূদিত কুরআন পরবর্তী সময়ে চীনা ভাষায় ইসলামি জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে স্বীকৃতি পায়।

১৯০৬ সালে চীনের ইউনান প্রদেশের শাদিয়ান এলাকায় জন্মগ্রহণ করেন মুহাম্মদ মা জিয়ান। শৈশব থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ ছিল। উচ্চতর ইসলামি জ্ঞান অর্জনের লক্ষ্যে ১৯৩১ সালে তিনি মিসরে পাড়ি জমান। সেখানে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুল উলুমে প্রায় আট বছর অধ্যয়ন করেন। এ সময় আরবি ভাষা, ইসলামি জ্ঞান ও কুরআনবিষয়ক বিভিন্ন বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন তিনি।

১৯৩৯ সালে চীনে ফিরে পবিত্র কুরআনের চীনা অনুবাদের কাজে আত্মনিয়োগ করেন মা জিয়ান। তার লক্ষ্য ছিল, আরবি মূলের অর্থ ও বক্তব্য যথাসম্ভব অক্ষুণ্ন রেখে চীনা ভাষাভাষী মানুষের কাছে কুরআনের শিক্ষা সহজভাবে তুলে ধরা। এ জন্য দীর্ঘদিন অধ্যয়ন, গবেষণা ও অনুবাদের কাজে নিয়োজিত ছিলেন তিনি।

১৯৪৬ সালে পেকিং বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও ইসলামি শিক্ষার অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। শিক্ষকতার পাশাপাশি সেখানে আরবি ভাষা ও ইসলামি জ্ঞানচর্চার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে কুরআনের অনুবাদ, সংশোধন ও পরিমার্জনের কাজ চালিয়ে যান।

১৯৭৮ সালে তার মৃত্যু হলেও কুরআনের অনুবাদের কাজ থেমে থাকেনি। মৃত্যুর তিন বছর পর, ১৯৮১ সালে তার অনূদিত কুরআন পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়। সহজবোধ্য ভাষা, অর্থের স্বচ্ছতা ও গবেষণানির্ভর উপস্থাপনার কারণে চীনা মুসলিম সমাজে গ্রন্থটি ব্যাপক গুরুত্ব অর্জন করে।

পরবর্তী সময়ে ১৯৮৭ সালে সৌদি আরবের বাদশাহ ফাহদ পবিত্র কুরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে প্রকাশিত আরবি-চীনা সমন্বিত সংস্করণেও মা জিয়ানের অনুবাদ অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে চীনা ভাষাভাষী মানুষের কাছে কুরআনের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার অনুবাদ আন্তর্জাতিক পরিসরেও পরিচিতি লাভ করে।

জ্ঞানচর্চা, গবেষণা ও অনুবাদসাধনায় নিবেদিত মুহাম্মদ মা জিয়ানের জীবন আজও অনুপ্রেরণার উৎস। ভাষার বাধা অতিক্রম করে পবিত্র কুরআনের মূল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে তার নিরলস প্রচেষ্টা চীনা মুসলিম সমাজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সূত্র: গালফ উর্দু মিডিয়া

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত হয়েছে।
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী
এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের শিশু, ১০ বিলিয়নেরও বেশি ভিউ
দক্ষিণ চীনের সাত বছর বয়সী শিশু ঝুয়াং এনছি এবার বিশ্বমঞ্চে নজর কেড়েছে তার অসাধারণ নৃত্যপ্রতিভা দিয়ে। শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে ঐতিহ্যবাহী ‘ইংগে’ নৃত্য পরিবেশন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সে। ৫১ সদস্যের একটি নৃত্যদলের নেতৃত্ব দিয়ে আলোচনায় এসেছে ছোট্ট এই নৃত্যশিল্পী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্ক নৃত্যশিল্পীদের সঙ্গে এনছির নাচের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ১০ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই অনেকে তাকে ‘ইংগে গার্ল’ নামে ডাকতে শুরু করেন। ‘ইয়াংচেং ইভিনিং নিউজ’-এর তথ্য অনুযায়ী, ৫১ সদস্যের এই দলে এনছিই ছিল সবচেয়ে কম বয়সী। অথচ পরিবেশনার সময় দলের একেবারে কেন্দ্রে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। এনছির নাচের দক্ষতা ও আত্মবিশ্বাস দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় মেতেছেন অনেকে। কেউ তার পরিবেশনাকে অসাধারণ ও মিষ্টি বলে অভিহিত করেছেন। আবার কেউ জানিয়েছেন, ছোট্ট এনছির নাচ দেখেই প্রথমবারের মতো তারা চীনের ঐতিহ্যবাহী ইংগে নৃত্য সম্পর্কে জানতে পেরেছেন। গুয়াংডং প্রদেশের শান্তৌ শহরের বাসিন্দা ঝুয়াং এনছি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে আগে থেকেই পরিচিত। ২০২৪ সালের এপ্রিলে নিজ গ্রামের একটি লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ইংগে নৃত্যদলের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে প্রথম আলোচনায় আসে সে। সেদিন নৃত্যশিল্পীদের পরিবেশনা দেখে নিজেও নাচতে শুরু করেছিল ছোট্ট এনছি। তার অঙ্গভঙ্গি, দ্রুততা ও নাচের কৌশল দেখে মুগ্ধ হন অভিজ্ঞ শিল্পীরাও। ইংগে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের চাওশান অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। ধারণা করা হয়, মিং রাজবংশের আমলে (১৩৬৮–১৬৪৪) এই নৃত্যের উৎপত্তি। মার্শাল আর্ট ও চীনা অপেরার বিভিন্ন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা এই নৃত্যে থাকে শক্তিশালী ও প্রাণবন্ত শারীরিক অভিব্যক্তি। মূলত বীরত্ব উদযাপনের সঙ্গে সম্পর্কিত এই নৃত্যশৈলী ২০০৬ সালে চীনের জাতীয় অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ছোটবেলা থেকেই ইংগে নাচের প্রতি গভীর আগ্রহ এনছির। এর পেছনে রয়েছে তার পারিবারিক পরিবেশও। তার বাবা গ্রামের নৃত্যদলে গং বাজান এবং দাদা বাজান শঙ্খ। পরিবারের সদস্যরা প্রায়ই তাকে নিয়ে নৃত্যশিল্পীদের মহড়া দেখতে যেতেন। সেখান থেকেই এই নাচের প্রতি ভালোবাসা তৈরি হয়। মেয়ের প্রতিভা বুঝতে পেরে বাবা ঝুয়াং রংকিয়াং তার জন্য একজন প্রশিক্ষক নিয়োগ করেন। এরপর শুরু হয় নিয়মিত প্রশিক্ষণ। বাবার ভাষ্য অনুযায়ী, অন্য শিশুদের কোনো নৃত্যমুদ্রা শিখতে যেখানে তিন থেকে চার দিন সময় লাগে, এনছি সেখানে তা মাত্র দেড় ঘণ্টায় আয়ত্ত করতে পারে। ইতিমধ্যে ইংগে নাচের ১০টিরও বেশি কৌশল শিখেছে সে। নিজের দক্ষতার কারণে এখন গুয়াংডংসহ চীনের বিভিন্ন অঞ্চল এবং বিদেশের বড় বড় অনুষ্ঠানে নাচ পরিবেশনের আমন্ত্রণ পাচ্ছে এনছি। ২০২৪ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরে নাচ পরিবেশনের পাশাপাশি দর্শকদের ইংগে নাচও শিখিয়েছে সে। চলতি বছরের শুরুর দিকে হংকংয়ের রাস্তায়ও পরিবেশনা করেছে ছোট্ট এই শিল্পী। এপেক সম্মেলনে অংশ নেওয়ার খবর পেয়ে আনন্দিত ও গর্বিত হয় এনছির পরিবার। তার বাবা ঝুয়াং রংকিয়াং জানান, জুন মাসের শেষের দিকে মেয়ের নির্বাচিত হওয়ার খবর পান তারা। বিদেশি অতিথিদের সামনে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাওয়াকে পরিবারের জন্য বড় অর্জন বলে মনে করেন তিনি। সম্মেলনের প্রস্তুতির জন্য গত চার মাস ধরে শেনঝেনে অবস্থান করছে এনছি। সেখানে নিয়মিত কঠোর প্রশিক্ষণ নিয়েছে সে। অনুশীলনের সময় এনছি ও দলের অন্য সদস্যরা হাত-পায়ে বালিভর্তি ব্যাগ বেঁধে নাচের চর্চা করতেন। এতে অতিরিক্ত ওজন নিয়ে কাঠের লাঠি দিয়ে আঘাত করার সময় এবং পায়ের পদক্ষেপে ভারসাম্য বজায় রাখার দক্ষতা বাড়ত। কঠোর প্রশিক্ষণ নিতে হলেও কখনো অভিযোগ করেনি এনছি। মেয়ের কষ্ট দেখে বাবা কষ্ট পেলেও প্রশিক্ষণে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় নিজের উদ্বেগ তার সামনে প্রকাশ করতেন না। এত অল্প বয়সেই আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা এনছির অবশ্য আরও একটি স্বপ্ন রয়েছে। সে এমন কোনো জায়গায় নাচ পরিবেশন করতে চায়, যেখানে তুষারপাত হয়। কারণ এখনো পর্যন্ত সরাসরি তুষার দেখার সুযোগ হয়নি তার। আরটিভি/এসকে
এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের শিশু, ১০ বিলিয়নেরও বেশি ভিউ
ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান
ইরানের আকাশসীমার কাছাকাছি গিয়ে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মুখে পড়ে গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান। 
ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান
‘মৃত্যুর দিন পর্যন্ত লড়ব’, ডাটা সেন্টারের শব্দ-ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা
জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত গড়ে উঠছে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কেন্দ্র বা তথ্যকেন্দ্র (ডাটা সেন্টার)।
‘মৃত্যুর দিন পর্যন্ত লড়ব’, ডাটা সেন্টারের শব্দ-ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা
পুতিনকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির আহ্বান, ট্রাম্পের ‘আমার বন্ধু’ মন্তব্যকে বললেন অদ্ভুত 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পুতিনকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির আহ্বান, ট্রাম্পের ‘আমার বন্ধু’ মন্তব্যকে বললেন অদ্ভুত 
আরও পড়ুন
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র